বালাগঞ্জ প্রতিনিধি :::
বালাগঞ্জে রেজিয়া সুলতানা নামে এক বয়স্ক মহিলার বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসময় রেজিয়া সুলতানা ও তার ডিজেবল মেয়ে রাহেনা বেগমকে হুমকী-ধামকী এবং বাড়ীতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল ৮ আগস্ট ২০২৫ গুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার বালাগঞ্জ বাজার গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রেজিয়া সুলতানার বাড়ীতে সন্ত্রাসীরা এই হামলা চালায়।
স্থানীয়রা জানান, বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজার গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রেজিয়া সুলতানা ও তার ডিজেবল মেয়ে রাহেনা বেগম রাজনৈতিক সহিংসতার কারণে বাড়ীতে থাকতে পারেননা, মাঝে মধ্যে আসলে আবার চলে যান। বিগত কয়েকমাস আগে আমরা দেখেছি তার বাড়ীতে পুলিশ তল্লাশি চালিয়ে ছিলো। তাঁর যুক্তরাজ্য প্রবাসী ছেলে মেয়েদের উপর মামলা রয়েছে বলে তারা জানান।
স্থানীয়রা আরো বলেন, অনেকদিন পর গতকাল রাজিয়া সুলতানা তার ডিজেবল মেয়েকে নিয়ে বাড়ীতে এসেছিলেন, কিন্তু দেখা যায় একদল সন্ত্রাসী এসে তার বাড়ীতে ঢুকে হামলা চালায় ও ব্যাপক ভাংচুর শুরু করে। মৃত আব্দুল হামিদের স্ত্রী রেজিয়া সুলতানার ছেলে মেয়েরা দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে তার ছেলে মেয়েরা জামায়াতে ইসলামীর ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলো। যুক্তরাজ্যে গিয়েও তারা জামায়াতের রাজনীতির সাথে ফের সক্রিয় রয়েছে। বিগত কিছুদিন ধরে মৃত আব্দুল হামিদের স্ত্রী রেজিয়া সুলতানার বাড়ীর আশেপাশে এলাকার কিছু বিএনপির নেতাকর্মীদের ঘুরাফেরা করতে দেখা যায়। শুনা যায় রেজিয়া সুলতানার যুক্তরাজ্য প্রবাসী ছেলে মেয়েরা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিএনপির বিরুদ্ধে নানা সমালোচনা ও কটুক্তি করে লেখালেখি করে যাচ্ছে। এর জের ধরে ইতিমধ্যে তার বাড়ীতে হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে মৃত আব্দুল হামিদের স্ত্রী রেজিয়া সুলতানা বলেন, আমার সন্তানেরা দেশে থাকতে জামায়াত ইসলামীর ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলো। কয়েকবছর হলো আমার সন্তানেরা যুক্তরাজ্যে রয়েছে। সেখানে গিয়েও তারা স্থানীয় জামায়াতের রাজনীতির সাথে জড়িত হয়েছে।
রেজিয়া সুলতানা বলেন, শুধু জামায়াত ইসলামীর রাজনীতি করার কারণে আমার ছেলে মেয়েদের উপর অন্যায় ভাবে মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ বাড়ীতে এসে আমার ছেলে মেয়েদের না পেয়ে আমাকে ও আমার ডিজেবল মেয়ে রাহেনাকে গ্রেফতার করে নিয়ে যাবে বলেও হুমকী-ধামকী ও ভয়ভীতি দেখিয়ে যায়।
তিনি বলেন, শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ীতে এসেছিলাম, আসার কিছুক্ষণ পর হঠাৎ একদল সন্ত্রাসী জোরপূর্বক ঘরে ঢুকে হামলা চালায় ও ভাংচুর শুরু করে এবং মেরে ফেলারও হুমকি দেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা বলে যুক্তরাজ্যে বসে আমার সন্তানেরা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিএনপির বিরুদ্ধে নানা সমালোচনা ও কটুক্তি করে লেখালেখি করে যাচ্ছে। সন্ত্রাসীরা আমাকে গালাগালি করে বলে আমার সন্তানেরা যদি বিএনপির বিরুদ্ধে লেখালেখি বন্ধ না করে পরবর্তীতে আসলে ভয়াবহ অবস্থা হবে এই বলে হুমকি দিয়ে যায়।
এর আগেও আমার বাড়ীতে কয়েকবার হামলা হয়েছে। আমি বাড়ীতে আসতে পারিনা, থাকতে পারিনা আমার ডিজেবল মেয়েকে নিয়ে আমি রাজনৈতিক সহিংসতার কারণে খুব সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি।
এদিকে স্থানীয়রা বলেন সন্ত্রাসী হামলার ঘটনা চলাকালে একাধিকবার বালাগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করলেও পুলিশ আসেনি। ঘটনার প্রায় ৩ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বালাগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া বলেন, শুনেছি বালাগঞ্জ মধ্য বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।