জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫
জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল ৫ নভেম্বর গোলাপগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায় বলে জানা গেছে। পুলিশ বলছে, মামলায় অভিযুক্ত পলাতক আসামীদের আটক করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়েছে। কাউকে আটকের খবর পাওয়া যায়নি। তবে পুলিশ অভিযানের নামে তল্লাশি, তছনছ ও নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামে মৃত আছকির আলীর শিবির নেতা রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মারধর করে ও ঘরে তছনছ চালায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। প্রায় ১ ঘন্টা যাবত পুলিশ এ অভিযান চালায় বলে জানা গেছে।
দুপুরে গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল গ্রামের শওকত হুসেনের পুত্র এবং আমুড়া ইউনিয়ন শাখার শিবির কর্মী সারোয়ার হোসেন মুর্শেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাকে বাড়িতে না পেয়ে ঘরে তল্লাশি চালায় পুলিশ। শওকত হুসেন অভিযোগ করেন, তার পুত্র সারোয়ারকে না পেয়ে পুলিশ তাকে টেনে হিছড়ে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং থানায় উঠিয়ে নিয়ে মামলা জড়িয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। এছাড়াও পুলিশ পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করে।
বিকেলে ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের মৃত আং ছত্তারের পুত্র শিবির কর্মী জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। জাকিরের মাতা ফাহমিদা আক্তার অভিযোগ করেন জাকিরকে না পেয়ে ঘরে তছনছ চালায় পুলিশ। জাকির কোথায় আছে জানতে চায়। জাকিরকে তাদের হাতে তুলে না দিলে পরিবারের সদস্যদের জেলে নিয়ে যাবে বলে ধামকি দিয়ে যায়।
সন্ধ্যায় আলমপুর, বাগলা গ্রামের নাজির আলীর পুত্র শিবির নেতা মোঃ ফাহিমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকেও বাড়িতে পাওয়া যায়নি। তবে পুলিশ ঘরজুড়ে তল্লাশি, মারধর ও তছনছ করেছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। তাদেরকে আটক করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।