মোগলাবাজারে নিখোঁজ আওয়ামী লীগ সমর্থক আব্দুল গণি: পরিবারের দাবি ‘গুম’

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫
মোগলাবাজারে নিখোঁজ আওয়ামী লীগ সমর্থক আব্দুল গণি: পরিবারের দাবি ‘গুম’

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার এলাকায় আব্দুল গণি নামে এক আওয়ামী লীগ সমর্থক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২৯ আগস্ট রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনাকে ‘গুম’ হিসেবে দাবি করছেন স্বজনরা।
নিখোঁজ আব্দুল গণি দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিরাশীগাঁও এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, সর্বশেষ তাকে মোগলাবাজার এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে তার ছেলে ইরফান আহমেদ রুম্মানের উপর হামলার ঘটনা ঘটে। ইরফান আহমেদ রুম্মান দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের ১নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি। ওই দিন রাতে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ওই ঘটনার জের ধরেই আব্দুল গণিকে টার্গেট করা হতে পারে। তাদের অভিযোগ, ইরফান আহমেদ রুম্মানকে না পেয়ে তার বাবাকে গুম করা হয়েছে। উল্লেখ্য, ইরফান আহমেদ রুম্মান গত ২১ আগস্ট পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে চলে যান বলে পরিবার জানিয়েছে।
আব্দুল গণির পরিবারের দাবি, তিনি নিখোঁজ হওয়ার আগে থেকে অজ্ঞাত কিছু লোক তাদের ওপর নজরদারি করছিল। নিখোঁজের দিন রাতেও তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।
এদিকে, আব্দুল গণির সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত তার সন্ধান এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে প্রশাসন তাদের কোন সহযোগিতা করছেনা বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনীহা প্রকাশ করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তারা ঘটনাটি শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।