• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত আসামী করে মামলা : সন্দেহভাজন নিহত দু’জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৮, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিবরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে সন্দেহভাজন নিহত অবশিষ্ট দু’জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  সোমবার দুপুর ২ টার দিকে মরদেহ দু’টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেন মোগলাবাজার থানার এসআই আব্দুস ছত্তার। পরে তিনি মরদেহ দু’টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।
নিহত দু’জন হলেন- ছাতকের দয়ারবাজার এলাকার কাদিম শাহ এবং নগরীর দাঁড়িয়াপাড়ার শহীদুল ইসলাম। তাঁরা দু’জন পরস্পরের বন্ধু এবং দু’জনই নগরীর দাড়িয়াপাড়ায় প্রাইম লাইটিং এন্ড ডেকোরেটর্সে কাজ করতেন বলে জানা গেছে।
ওই ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনের লাশ গত রবিবারই তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। তারা হলেন- জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়ছর, ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহমি ও অহিদুল ইসলাম অপু। কিন্তু কাদিম শাহ ও শহীদুল ইসলামের লাশ দু’টি রবিবার হস্তান্তর করা হয়নি।
এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন সোমবার জানিয়েছিলেন, ৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও রবিবার দুজনের লাশ হস্তান্তর করা হয়নি। তাদের ব্যাপারে আমাদের একটু খোঁজ খবর নেওয়া দরকার। তাদের পরিবারের সাথে আমরা আলাপ করবো। নিহত দু’জন আত্মঘাতী জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই গতকাল লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা বলে জানায় পুলিশ।
সোমবার ওসমানী হাসপাতাল থেকে লাশ দু’টি গ্রহণকারী মোগলাবাজার থানার এসআই আব্দুস ছত্তার বলেন, লাশ দু’টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমরা তাদের ব্যাপারে খোঁজ খবর রাখছি। তারা কেন সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি।
নিহতের ঘটনায় মামলা: শিববাড়ী আতিয়া মহলের জঙ্গি বিরোধী অভিযানে হতাহতের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।  সোমবার মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। মামলা নং-৭। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল এ তথ্য নিশ্চিত করেন।