যুক্তরাজ্যপ্রবাসী কন্যাকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
যুক্তরাজ্যপ্রবাসী কন্যাকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার
মোঃ চাঁন মিয়া নামে এক ব্যক্তি তার যুক্তরাজ্যপ্রবাসী কন্যাকে ত্যাজ্য ঘোষণা করে হলফনামা প্রদান করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা ইনাম গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেট সদর উপজেলার সাদিপুর এলাকার বাসা নং- ২৪১-এ বসবাসকারী মোঃ চাঁন মিয়া গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারী পাবলিক কার্য্যালয়, সিলেট-এ শপথপূর্বক একটি হলফনামা সম্পাদন করেন।
হলফনামায় তিনি উল্লেখ করেন, তার জৈবিক কন্যা দিপালী বেগম বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি অভিযোগ করেন, তার কন্যা দীর্ঘদিন ধরে পারিবারিক মূল্যবোধ, সামাজিক নিয়ম-নীতি ও ধর্মীয় শিক্ষার পরিপন্থী জীবনযাপন করছেন, যার কারণে পারিবারিক ও সামাজিকভাবে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে মোঃ চাঁন মিয়া হলফনামার মাধ্যমে ঘোষণা দেন যে, ভবিষ্যতে তার কন্যার ব্যক্তিগত জীবনযাপন, কর্মকাণ্ড বা সিদ্ধান্তের সঙ্গে তার বা পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। একইসঙ্গে কন্যার ব্যক্তিগত, সামাজিক, আর্থিক কিংবা আইনগত কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্বও তিনি বা তার পরিবার বহন করবেন না বলে উল্লেখ করেন।
ঘোষণাপত্রে আরও বলা হয়, অত্র ঘোষণার তারিখ থেকে দিপালী বেগম নিজেকে তার কন্যা হিসেবে সামাজিক, ব্যক্তিগত বা আইনগত পরিচয়ে ব্যবহার করলে তার দায়ভার ঘোষণাকারীর ওপর বর্তাবে না। এছাড়া তার স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না বলেও হলফনামায় উল্লেখ করা হয়।
হলফনামায় মোঃ চাঁন মিয়া দাবি করেন, তিনি কোনো প্রকার চাপ বা প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় এই ঘোষণা প্রদান করেছেন।