সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Manual1 Ad Code

আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে দুই ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠি, পাথর, কাচের বোতলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Manual1 Ad Code

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Manual6 Ad Code

সংঘর্ষের কারণে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

Manual6 Ad Code

সংঘর্ষে আহতদের মধ্যে ছাদ মিয়া, মতিউর রহমান, শিফাত, মাসুম, আজিজ, নয়ন, মাহবুব, সুন্দর আলী, মেহেদী, এনাম, আবু সাইদ, কামরান, জুবাইয়ের, জাকির হোসেন ও লাহিনের নাম জানা গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম বলেন, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তার দাবি, পরবর্তীতে কলেজের বাইরের কয়েকজন শিবিরের কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সাফিকুল আলম বলেন, আজ কলেজে নতুন ক্লাস শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা নবীনবরণ ও ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজের গেটের বাইরে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ছাতক থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে।