কদমতলীতে এনা পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৬

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে মঙ্গলবার সকালে ‘এনা পরিবহন’ বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধের সৃষ্টি করেন। অবশ্য, এসএমপি অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসাসহ সংশ্লিষ্টদের আশ্বাসে এলাকাবাসী কিছুক্ষণ পর অবরোধ প্রত্যাহার করেন।
নিহত ব্যক্তির নাম-আব্দুল হান্নান (৬৫)। তিনি নগরীর কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত রইছ মিয়ার ছেলে।
এডিসি জেদান আল মুসা জানান, এনা পরিবহনের একটি বাস উল্টো দিকে যাওয়ার সময় ওই পথচারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিলে পুলিশী আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।