ছাতকে অপহরণের ১ দিন পর সিলেট থেকে ছাত্রলীগ নেতাকে উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪
ছাতকে অপহরণের ১ দিন পর সিলেট থেকে ছাত্রলীগ নেতাকে উদ্ধার

চিকিৎসাধীন মোঃ শাহরিয়ার হোসেন শিমুল


Manual5 Ad Code

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিশারদপুর গ্রামে প্রকাশ্যে এক ছাত্রলীগ নেতাকে অপহরণের একদিন পর সিলেট থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অপহৃত মোঃ শাহরিয়ার হোসেন শিমুল বিশারদপুর গ্রামের আনা মিয়ার ছেলে এবং সিলেট সদর উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সন্ধ্যার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল জরুরি কাজে বাড়ি থেকে বের হলে আগে থেকেই ওঁত পেতে থাকা ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে সাদা রঙের একটি নোহা লাইটেস গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এসময় শিমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে অপহরণকারীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। ফলে কেউ কাছে যেতে সাহস পাননি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা মুখোশ পরিহিত ছিল, যার কারণে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
অপহরণের একদিন পর, ১৬ সেপ্টেম্বর তাকে সিলেট নগরীর একটি সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে এলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সাথে যোগাযোগ করে। পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, শিমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি এখনো স্পষ্টভাবে জানাতে পারেননি কে বা কারা তাকে অপহরণ করেছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলে এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শিমুল ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। তার বোন লিমা বেগম সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসার জের ধরে তাকে অপহরণ করা হয়েছে। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।