বিশ্বনাথে ছাত্রলীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
বিশ্বনাথে ছাত্রলীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ায় সারাদেশে ছড়িয়েছে সহিংসতা। আওয়ামী লীগের মন্ত্রী-সংসদ সদস্যসহ স্থানীয় নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলা ও লুটপাট হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামে ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাবেল আহমদের বাড়িতে লুটপাট ও ভাংচুর চালানো হয়। পরে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে লামাকাজি বাজারে রাবেল এর ব্যবসা প্রতিষ্ঠান ‘রাবেল স্টোর’ এর তালা ভেঙ্গে দোকানের মালামাল লুটপাট এবং ব্যাপক ভাংচুর করা হয়। রাবেলের পরিবার থেকে অভিযোগ করা হয় তার চাচা ও চাচাতো ভাইয়ের ইন্ধনে তার বাড়িতে ও দোকানে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির লোকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই এলাকাজুড়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাজনৈতিক বিরোধিতার জের ধরেই এসব হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গতকাল বিকেলে সোনাপুর গ্রামে ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাবেল আহমদের বাড়িতে স্থানীয় বিএনপি-জামায়াতের ক্যাডাররা বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এলাকাবাসী জানান, বিএনপি-জামায়াতের অন্তত ১০/১৫ জন কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় রাবেল আহমদ বাড়িতে ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। লুটপাট শেষে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। এতে বাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সন্ধ্যায় রাবেল আহমদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিএনপি জামায়াতের বেশ কয়েকজন ক্যাডার ‘রাবেল স্টোর’ এর তালা ও সাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে যায় এবং ব্যাপক ভাংচুর করে।
এ বিষয়ে রাবেলের পিতা মোঃ নূর উদ্দিন জানান, ‘গত কয়েক দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাথে বিএনপি-জামায়াত এক হয়ে সরকারপতনের দাবিতে রাস্তায় নামে। এতে দেশ জুড়ে ব্যাপক সহিংসতা দেখা দেয়। তাই বিএনপি-জামায়াতের হামলার ভয়ে রাবেল বাসায় থাকেন না। গতকাল সরকার পতনের পরপরই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বাড়িতে হামলা চালালে পরিবারের সবাই কোন রকমে পালিয়ে যান। তাৎক্ষণিক তিনি স্বপরিবারে শ্বশুড় বাড়িতে আশ্রয় নিয়েছেন। পুত্র মোঃ রাবেল আহমদ কোথায় আছে তিনি জানেন না। পুত্রের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ও আশংকায় রয়েছেন।