কুলাউড়া প্রতিনিধি :::
সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার বাবাকে শাসিয়েছেন স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ। ওই ছাত্রদল নেতা আওয়ামী লীগের মামলায় ফেরারি থাকায় তার বাবাকেই শাসন করতে হলো বিএনপি নেতাদের।
গত রবিবার (০৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল এলাকার জাব্দা গ্রামে এ ঘটনা ঘটে।
ফেসবুকে পোস্টকারী ওই ছাত্রদল নেতার নাম বেলাল আহমদ। তিনি জাব্দা গ্রামের আহমদ আলীর ছেলে ও ভূকশিমইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শাখার এবং ২নং ভূকশিমইল ইউ/পি শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, বেলাল আহম বিগত ২০১৫-২০১৬ ইং সেশনে ভূকশিমইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালীন দলের জন্য খুব নিবেদিত ছিলেন। তার সক্রিয় কর্মকান্ডে খুশি হয়ে ২০১৭ ইং সালে তাকে ভূকশিমইল ইউ/পি শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় জেলা কমিটি। এরপর থেকে তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়ভাবে জনপ্রিয় হয়ে উঠেন। এতে আক্রোশে পড়েন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের। তাদের দেওয়া তালিকা ও তথ্যের ভিত্তিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে বেশ কয়েকটি মিথ্যা মামলায় আসামি করা হয় বেলালকে। এমনকি তাকে যেকোনো সময় হত্যা কিংবা গুম করা হতে পারে এমন সংশয়ও ছিলো পরিবারের। পরে পরিবারের ও নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে আত্মগোপনে চলে যান।
এদিকে, গত ০৫ আগস্ট’২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের শুরুতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করে বিএনপি। কিন্তু বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই তাদের বিতর্কিত কর্মকান্ডে জনমনে অসন্তোষ বিরাজ করতে থাকে। দলীয় নেতাদের প্রতিনিয়ত চঁাঁদাবাজি দশের সাধারণ মানুষকে বিরাগভাজন করে তুলে। পতিত আওয়ামী লীগ, নতুন বিরোধী দলসহ ভুক্তভোগী জনতা সরকারের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েন। এই অবস্থা দেখে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ক্ষোভ ঝাড়েন বেলাল। তিনি তার পোস্টে লেখেন- ‘আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম পাইনি। এটা বিএনপির আদর্শ না। চাঁদাবাজি বন্ধ করেন। আওয়ামী লীগের মতো দেশটাকে বিক্রি করে দিয়েন না। আমরা এই রাজনীতি চাইনি।’
এই পোস্টেরই জের ধরে গত রবিবার (০৮ নভেম্বর) রাতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার বাড়িতে অবস্থান নেন। এ সময় তাকে বাড়িতে না পেয়ে তার বাবাকে হুমকি-ধমকি প্রদান করেন। এমনকি দ্বিতীয়বার এমন পোস্ট করা হলে দেখে নেওয়ারও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
বেলালের বাবা আহমদ আলী জানান, ‘স্থানীয় এমরান আহমদ, কামিল আহমদ, ফাহিম আহমদ লুমান, তায়েফ চৌধুরী-সহ অজ্ঞাত স্থানীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ বাড়িতে এসে বেলালের খোঁজ করেন। আমি বললাম- বেলাল যে ফেরারি তাতো আপনাদের জানা। তাহলে বেলালকে বাড়িতে পাবেন কীভাবে। সেতো আওয়ামী আমলে বাড়ি ছেড়েছিল, এখনও ফিরেনি।’
তিনি বলেন, ‘এটা শোনার পর তারা আমাকে শাসাতে থাকেন। বেলালের পোস্ট করা কিছু কথা আমাকে শুনিয়ে ধমকাতে থাকেন। বেলাল কেন এমন পোস্ট করলো তারা জানতে চান। আমি কোনো উত্তর দিতে না পরায় তারা হুমকি প্রদান করেন। দ্বিতীয়বার এমটি হলে দেখে নিবেন বলে বাড়ি থেকে বের হন।’
এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক নেতা জানান, বেলাল দলের জন্য খুব ত্যাগী ছিলো। আজ তার দল ক্ষমতায় থাকার পরও কেউ তার খোঁজ নিচ্ছে না। তাকে কোনোভাবে আনুষ্ঠিক স্মরণও করা হচ্ছে না। অথচ, স্থানীয় বিএনপি নেতাদের বগলের নিচে কত নব্য বিএনপি বাস করছে। হাইব্রিডদের দলে আশ্রয় দিয়ে তারা টাকা কামাচ্ছে। আওয়ামী দোসরদেরও কাছে টানা হচ্ছে। অর্থ-বিত্তের সুবিধা হাসিলে এসব কর্মকাণ্ড করছে দলের কয়েক অসাধু নেতা। তাছাড়া, সরকার গঠনের পর থেকেই বিএনপি দলীয় নেতাকর্মীদের নিলর্জ্জ চঁাঁদাবাজি, জমি দখল, মামলা বাণিজ্য বেড়ে গেছে। হয়তো এসব দেখেই বেলাল একটি পোস্ট করেছে। এটি নিয়ে তার বাড়িতে গিয়ে তার বাবাকে শাসানো একটি বাড়াবাড়ি বলে মনে হচ্ছে।