শিবির নেতাকে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ : দল ও পরিবারের দাবী ছাত্রলীগের কাণ্ড

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৮, ২০২১
শিবির নেতাকে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ : দল ও পরিবারের দাবী ছাত্রলীগের কাণ্ড

Manual2 Ad Code

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতে নগরীতে এক শিবির নেতাকে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মহানগর শিবির ও আহতের পরিবারের দাবী সরকার বিরোধিতার অজুহাতে এই মারধরের কাণ্ড ঘটিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। ভিকটিম বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, আহত শিবির নেতা নাহিদ মিয়া তালুকদার (২১) সিলেট মহানগর ছাত্রশিবিরের ৭নং ওয়ার্ডের সভাপতি। সে নগরীর আখালিয়াস্ত নেহারিপাড়ার ফারুক মিয়া তালুকদারের পুত্র। গতকাল, (২৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টায়, একদল মোটর সাইকেল আরোহী তার নেহারিপাড়া, সি-ব্লকের ৬৬ নাম্বার বাসার সামনে এসে থামে। তারা জোর করে বাসায় ঢুকে নাহিদকে তুলে নিয়ে স্থান ত্যাগ করে। পরে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা মূমুর্ষু নাহিদকে মদিনা মার্কেট এলাকায় ফেলে রেখে যায়। সেসময় স্থানীয় লোকজন তাকে নিকটস্থ জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নাহিদ জ্ঞান ফেরার পর এই প্রতিনিধিকে বলেন, যারা হামলা করেছে তারা সবাই ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী। তাদের নেতৃত্বে ছিলেন ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইমরান আহমদ। তিনি আরো বলেন, তারা রড ও লাঠি দিয়ে আঘাত করে। তখন তারা-আমি আর সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত হব কিনা-জানতে চায়। তারা আমার ফেসবুকে সরকার বিরোধী সকল পোস্ট মুছে দিতে বলে। এমনকি আমার পাসওয়ার্ডও তারা চায়। এক পর্যায়ে মার সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই।
এবিষয়ে সিলেট মহানগর শিবির সেক্রেটারি আব্দুল্লাহ আল-ফারুক বলেন, বিরোধী মতকে দমন করে গণতন্ত্র হত্যা করতে বর্তমান সরকার আমাদের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় নাহিদের উপর এই হামলা। গতকালের (২৭ মার্চ) আমাদের বিক্ষোভ মিছিলের ফেসবুকে লাইভ এয়ার করায় তার উপর এই জঘন্য হামলা।
নাহিদের মা মোসাঃ লুৎফা খাতুন জানান, নাহিদের হামলাকারীরা স্থানীয় চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী। নাহিদকে তুলে নেয়ার সময় আমার পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলেও দুর্বৃত্তদের “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” স্লোগান শুনে তারা পিছিয়ে যায় এবং কেউ নাহিদকে উদ্ধারে এগিয়ে আসেনি। এমনকী, এ ঘটনায় মামলা করতে গেলে, আসামীরা সরকার দলীয় ক্যাডার হওয়ায় পুলিশ মামলা নিতে অস্বীকার করে। তারা অজ্ঞাতনামা আসামী উল্লেখে একটি সাধারণ ডায়রি (জিডি এন্ট্রি) গ্রহণ করে।
অপরদিকে মোবাইল ফোনে ঘটনায় তার সম্পৃক্ততা বিষয়ে জানতে চাইলে ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইমরান আহমদ বিষয়টি অস্বীকার করে বলেন, এটা তার বিরুদ্ধে একটা অপপ্রচার।