স্টাফ রিপোর্ট : সিলেটের আরো চারটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। মঙ্গলবার পৃথক আদেশে শর্তসাপেক্ষে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। নতুন এমপিওভুক্তির তালিকায় রয়েছে সারাদেশের ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান।
নতুন এমপিওভুক্ত সিলেটের চারটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি হলো গোয়াইনঘাটের হাজী সোহরাব আলী হাইস্কুল এন্ড কলেজ। আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- সুনামগঞ্জের শাল্লার কালাই মিয়া চৌধুরী জুনিয়র স্কুল, দোয়ারাবাজারের মুহিবুর রহমান মানিক জুনিয়র গার্লস স্কুল এবং দক্ষিণ সুনামগঞ্জের ইসহাকপুর-শ্রীরামপুর জুনিয়র স্কুল।
এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। এ জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই বিষয়টি খুবই গুরুত্ব হিসেবে দেখা হয়।
শর্ত হিসেবে বলা হয়েছে, নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরাও এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ লাগবে। এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। তবে পরে যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও আবার চালু করা হবে। আর যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে সেগুলোর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল সরকার। তার আগে গত বছরের জুলাই মাসে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। আর ২০১৯ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা করেছিল সরকার।