নগরীর পীরমহল্লায় মাদ্রাসা প্রিন্সিপালের উপর হামলা : গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩
নগরীর পীরমহল্লায় মাদ্রাসা প্রিন্সিপালের উপর হামলা : গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পীরমহল্লা এলাকায় ‘জামিয়াতুল আবরার মাদ্রাসা ও এতিমখানা’ মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ সিদ্দিকুর রহমানের উপর স্থানীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলরের নির্দেশে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অদ্য বিকালে মাদ্রাসা ছুটির পর মাদ্রাসা ভবনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন মোঃ সিদ্দিকুর রহমান। আহত মোঃ সিদ্দিকুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, বিয়ানীবাজার থানার কাকরদিয়া গ্রামের হাজী নিজাম উদ্দিনের পুত্র মোঃ সিদ্দিকুর রহমান (৩৮) সিলেট নগরীর পীরমহল্লা এলাকায় নিজের মালিকানাধীন ভূমিতে ‘জামিয়াতুল আবরার মাদ্রাসা ও এতিমখানা’ নামে একটি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। নিজের মাদ্রাসায় তিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও জিন্দাবাজারস্থ কাজী ম্যানশন মার্কেটে ‘আবরার’ নামীয় মোঃ সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি কাপড়ের দোকান রহিয়াছে।
পরিবার থেকে অভিযোগ করা হয়, মোঃ সিদ্দিকুর রহমানকে প্রাণে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। আওয়ামীলীগ নেতা স্থানীয় ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে কিছুদিন পূর্বে মোঃ সিদ্দিকুর রহমান এয়ারপোর্ট থানায় একটি জি.ডি এন্ট্রি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আফতাব হোসেন ও তার সহযোগীরা মোঃ সিদ্দিকুর রহমানকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। অদ্য ২৭/০৩/২০২৩ ইং মাদ্রাসা ছুটির পর মোঃ সিদ্দিকুর রহমান অফিস কক্ষে বসে কাজ করছিলেন। আফতাব হোসেনের সহযোগী সন্ত্রাসী রুহি, জাহাঙ্গীর, পাঙ্গাস, সুমন সহ ১০/১১ জন মাদ্রাসায় প্রবেশ করে মোঃ সিদ্দিকুর রহমানকে কলারে ধরে চেয়ার থেকে টেনে হিচড়ে নিচে ফেলে বেধড়ক মারধর করে। মোঃ সিদ্দিকুর রহমান দৌড়ে অফিস কক্ষ থেকে রাস্তায় বের হইয়া পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তখন মোঃ সিদ্দিকুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তারপর সন্ত্রাসীরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে মোঃ সিদ্দিকুর রহমান জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে ঐ মাদ্রাসার একজন শিক্ষক ও স্থানীয় লোকজন মোঃ সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং তাহার পরিবারের সদস্যদের অবগত করেন। কিন্তু মোঃ সিদ্দিকুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। ডাক্তার জানান, মোঃ সিদ্দিকুর রহমানের শরীরে ধারালো ছুরির গুরুতর জখম রয়েছে, বাম পা ভেঙ্গে গেছে এবং বাম পায়ের দুটি আঙ্গুল উপড়ে ফেলা হয়েছে। এমতাবস্থায় তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা করা ঝুকিপূর্ণ। শেষ খবর পাওয়া পর্যন্ত মোঃ সিদ্দিকুর রহমানকে এ্যাম্মুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘পীরমহল্লা এলাকায় মাদ্রাসায় হামলা হয়েছে শুনে পুলিশের একটি টিম সেখানে যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এ হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’