ভোট কেন্দ্রে হামলা ভাংচুর ও গুলিবর্ষণের অভিযোগে মোগলাবাজার থানায় পুলিশ এসল্ট মামলা, আসামী ৫০

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯
ভোট কেন্দ্রে হামলা ভাংচুর ও গুলিবর্ষণের অভিযোগে মোগলাবাজার থানায় পুলিশ এসল্ট মামলা, আসামী ৫০

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গত ৩০ ডিসেম্বর দক্ষিণ সুরমার মূর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা ভাংচুর ও গুলিবর্ষণের অভিযোগে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মামলায়, বিএনপি, যুবদল, ছাত্রদল ও শিবিরের ৮ নেতার নাম উল্লেখ করে আরো ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এসএমপির সিটিএসবি শাখার এস আই আইন উল্লাহ বাদী হয়ে গতকাল ৩১ ডিসেম্বর সোমবার এ মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৯।
এজাহার সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ভোট চলাকালে মূর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার দিকে হঠাৎ করে স্থানীয় বিএনপি নেতা শামীম আহমদ, জসিম আহমদ, যুবদল নেতা জাহিদুল ইসলাম, ছাত্রশিবির নেতা রাছেল আমিন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল বাছিত সোহাগের নেতৃত্বে বিএনপি জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী হামলা চালান। ককটেল বিস্ফোরণ ও ইটপাটকের নিক্ষেপ করে ভোটকেন্দ্র দখল ও ভোটারদের উপর হামলা চালিয়ে আতংক সৃষ্টি করেন তারা। এসময় পুলিশ রাবার কার্তুজ নিক্ষেপ করে বিএনপি জামায়াতের লোকদের সরিয়ে দেয়। কিন্তু তাদের ইটপাটকেলের আঘাতে মামলার বাদী এসআই আইন উল্লাহ ও কনস্টেবল মনিহারসহ বেশ কেয়কজন ভোটার আহত হন। এছাড়া ভোটকেন্দ্রে ব্যাপক ভাংচুর চালিয়ে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়।
পরে এমন অভিযোগে এসএমপির মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা এসএমপির সিটিএসবি শাখার এস আই আইন উল্লাহ। মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, বিএনপি নেতা মালাকান্দি গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র শামীম আহমদ, বিএনপি নেতা সমসপুর গ্রামের আকবর হোসেনের পুত্র জসিম আহমদ, যুবদল নেতা ইসলামপুর গ্রামের ফজলুল হকের পুত্র জাহিদুল ইসলাম, ছাত্রশিবির নেতা সমসপুর গ্রামের সফর আলীর পুত্র রাছেল আমিন, ছাত্রদল নেতা মালাকান্দি গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা ইসলামপুর গ্রামের মোহাম্মদ আকদ্দছ আলীর পুত্র মোহাম্মদ আব্দুল বাছিত সোহাগ, ছাত্রদল নেতা সমসপুর গ্রামের জাহেদ মিয়ার পুত্র তায়েফ আহমদ ও ছাত্রদল নেতা মালাকান্দি গ্রামের আহসান আলীর পুত্র কাওসার আহমদ। এছাড়া মামলায় আরো অন্তত ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
জানতে চাইলে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খাইরুল ফজল বলেন, ভোটকেন্দ্রে ব্যাপক অরাজকতা চালিয়েছে বিএনপি জামায়াতের লোকজন। বিশেষ করে মামলার এজাহারভুক্ত আসামীরা নেতৃত্ব দিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। তাদের হামলায় আমাদের পুলিশসহ কয়েকজন সাধারণ জনতা আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে এবার অভিযানে নামবে পুলিশ।