স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ হাসান মিলু। গতকাল রেঙ্গা হাজিগঞ্জ বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত খালেদ হাসান মিলু মোগলাবাজার রেঙ্গা হাজিগঞ্জ ধরমপুর গ্রামের আতাউর রহমানের পুত্র। হামলাকারীরা খালেদ হাসান মিলুর হাত পা ও মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাজারের স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। আহত খালেদ হাসান মিলুর স্বজনরা জানান, খালেদ হাসান মিলুর উপর হামলা চালায় বিএনপি ও জামায়াতের অস্ত্রধারী সন্ত্রাসীরা।