ওসি’র চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ প্রবাস ফেরত যুবক কামরানের করুণ আর্তনাদ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২৩
ওসি’র চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ প্রবাস ফেরত যুবক কামরানের করুণ আর্তনাদ

Manual1 Ad Code

রফিকুল হায়দার লোটন, মৌলভীবাজার প্রতিনিধি:
‘আমি দীর্ঘদিন সৌদি আরবে চাকুরী শেষে ২০২১ সালে বাংলাদেশে ফিরে আসি। দেশে ফিরে আসা মূলত মানুষের টানে। মানুষের সেবা করার লক্ষ্যে। সে লক্ষ্যে আমি সামাজিক কার্যক্রমে যুক্ত হই এবং গ্রামে একটি মুদিমালের দোকান খুলে ব্যবসা শুরু করি। এসময় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি এলাকার একটি স্কুলে শিক্ষার মান উন্নয়নে নিয়মিত অর্থ সহায়তা করতাম। নতুন আরেকটি স্কুল প্রতিষ্ঠার সময় ১ মে ২০২৩ আমি ১০ লাখ টাকার আর্থিক অনুদান দেই। এক সময় আর্থিক অনুদান দেওয়ার বিষয়টা স্থানীয়ভাবে প্রচার হয়। স্থানীয় মানুষ আমার খুব প্রশংসা করছিল। কিন্তু মানুষের প্রশংসা যে আমার জন্য বিপদ ডেকে আনবে বুঝতে পারিনি। আমাকে টার্গেট করেন বড়লেখা থানার ওসি সন্দীপ কুমার দত্ত। এরপর থেকে তার চাঁদাবাজি ও অব্যাহত নির্যাতনে আমাকে অতিষ্ঠ করে তুলেছে।’

ক্ষোভ ও দুঃখের সাথে কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর গ্রামের ব্যবসায়ী যুবক কামরান হোসেন। শনিবার (৫ আগস্ট) সিলেট সুরমা অনলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কামরান হোসেন তার ওপর ঘটে যাওয়া নানা দুঃখজনক ঘটনা বর্ণনা করেছেন।

Manual2 Ad Code

কামরান হোসেন বলেন, ‘বাংলাদেশে পুলিশ যা চায়, তাই হয়। এখানে পুলিশ বাহিনীকে দেশের মানুষ পুলিশ লীগ নামে ডাকে। তারা আওয়ামী লীগের একটি অঙ্গ প্রতিষ্ঠানের মত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত। সরকারের প্রতি বাংলাদেশের সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ, গণমাধ্যমে পুলিশের দুর্নীতির প্রতিবেদন অথবা মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সেংশন কোন কিছুই পুলিশকে সন্ত্রাস ও দুর্নীতি থেকে বিরত রাখতে পারছে না। আমি ওসি সন্দীপ কুমার দত্তের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম থেকে বাঁচতে চাই। এ জন্য সকলের সহযোগিতা চাইছি।’

Manual4 Ad Code

কামরান হোসেন তার করুণ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘২০২৩ সালের ২ মে ওসি আমাকে থানায় ডাকেন। তার সাথে সাক্ষাতের জন্য। ওসি বলেন, আমি সরকার বিরোধী মানুষকে আর্থিক সহযোগিতা করছি। আমার বিরুদ্ধে না-কি এরকম অভিযোগ উঠেছে। আমি ওসির এসব কথা প্রত্যাখান করে বলি, আমার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা। কথা বলার এক পর্যায়ে ওসি আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ড্রাগ ব্যবসায়ী হিসেবে মামলা দিয়ে গ্রেফতারের হুমকি দেন ওসি।’

কামরান হোসেন আরও বলেন, ‘আমি এসব কথায় ভীত হয়ে ওসি সন্দীপ কুমার দত্তকে ৫০ হাজার টাকা নগদ দিয়ে এবং বাকি টাকা পরবর্তীতে দেওয়ার প্রতিশ্রুতি করি। এদিন আমি ৫০ হাজার টাকা দিয়ে থানা থেকে ছাড়া পাই।’

Manual7 Ad Code

কামরান হোসেন বলেন, ‘এরপর আমি এডভোকেট শাহরিয়ার আলম এর সাথে যোগাযোগ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। আইনজীবীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় অফিসে ওসি সন্দীপ কুমার দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘২০২৩ সালের ৫ জুলাই ওসি সন্দীপ কুমার দত্ত আমাকে ফোন করেন। ওসি দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় খুবই ক্ষিপ্ত হন আমার উপর এবং ওই অভিযোগ তুলে নিয়ে সকলের সম্মুখে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ করেন।’

কামরান হোসেন বলেন, ‘ওসি আমাকে হুমকি দিয়ে বলেছেন, অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আমাকে গ্রেফতার করে ড্রাগ ব্যবসায়ী বানিয়ে র‌্যাবের কাছে হস্তান্তর করবেন এবং ক্রসফায়ারে দিবেন। আমি ভয়ে আতঙ্কে বিষয়টি আইনজীবীর কাছে জানাই। এতে আইনজীবী আমাকে দুর্নীতি দমন কমিশনে দেওয়া অভিযোগ তুলে নিতে নিষেধ করেন। সুতরাং আমি অভিযোগ প্রত্যাহার করি নাই।’

কামরান হোসেন করুণ আর্তনাদ করে আরও বলেন, ‘আমি খুবই ভীতসন্ত্রস্ত অবস্থায় আছি। আমি বাঁচতে চাই। বাংলাদেশের র‌্যাব-পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন ও চাঁদাবাজি হতে বাঁচতে চাই। সরকারের কাছে সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতা চাই।’