মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জস্থ নিজের দোকান বন্ধ করে রাতের বেলা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন উজ্জ্বল বৈদ্য (২০) নামের এক যুবক। গত বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উজ্জ্বল নিখোঁজ হয়। উজ্জ্বল বৈদ্য উপজেলার বাছিরপুর গ্রামের হরমোহন বৈদ্যে’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে ‘‘কাজল হেয়ার ড্রেসার’’ নামে নিখোঁজ উজ্জ্বল বৈদ্যের পরিবারের একটি চুল কাটার সেুলন রয়েছে। উজ্জ্বল পারিবারিক এ সেলুনে নিয়মিত কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার (৫ আগস্ট) কাজ শেষে রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করেন উজ্জ্বল বৈদ্য। এরপর তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাত পর্যন্ত উজ্জ্বল বৈদ্য বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন পরিদিন সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়ে তার (উজ্জ্বল বৈদ্যের) সন্ধান পাননি। এই ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) উজ্জ্বল বৈদ্যের মা ডলি রানী বৈদ্য জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ উজ্জ্বলের মা ডলি রানী বৈদ্য বলেন, ‘আমার ছেলে উজ্জ্বল বৈদ্য রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর রাতে আর সে বাড়ি ফেরেনি। পরদিন সকাল পর্যন্ত বাড়িতে না আসায় আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে তার সন্ধান পাইনি। এরপর থানায় জিডি করেছি। ৫ দিন হয়েছে ছেলের সন্ধান পাইনি। ছেলে নিখোঁজের ঘটনায় আমরা খুব আতঙ্কে আছি।
যুবক নিখোঁজের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। ওসি রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় বলেন, ‘নিখোঁজ জিডির বিষয়ে এসআই সুহেল রানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’