স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লায় যুবলীগ নেতা মোঃ সামস্ উদ্দিন উরফে সামস-এর মালিকানাধীন স্কাই ভিউ ক্যাবল নেটওয়ার্ক নামক ব্যবসা প্রতিষ্ঠান ও শাহপরাণ বাইপাস রোডস্থ স্পোর্টস হোম নামীয় ব্যবসা প্রতিষ্ঠান দু’টি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে। পীর মহল্লাস্থ স্কাই ভিউ ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয় গতকাল ৬ আগস্ট মঙ্গলবার সকাল অনুমান ৯ ঘটিকায় এবং শাহপরাণ বাইপাস রোডস্থ স্পোর্টস হোমে অগ্নিসংযোগ করা হয় গত ৫ আগস্ট বিকালে। বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল ৫০ থেকে ৬০জনের একদল বিএনপি-জামায়াতের সশস্ত্র সন্ত্রাসী সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি এবং বালাগঞ্জ উপজেলা পরিষরে সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সামস্ উদ্দিন উরফে সামস্ এর পশ্চিম পীর মহল্লাস্থ স্কাই ভিউ ক্যাবল নেটওয়ার্ক নামক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার নাম ধরে ডাকাডাকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানটিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর সহ লুটপাট করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে েিলও আগুন নিয়ন্ত্রণে কেউ এগিয়ে আসার সাহস পাননি। এছাড়াও ছাত্র-জনতার নামে আন্দোলনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ৫ আগস্ট বিকেলে সিলেট শহরতলির বাইপাসে গিয়ে স্পোর্টস হোম নামক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়। এক পর্যায়ে স্পোর্টস হোমেও পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। উল্লেখ্য যুবলীগ নেতা মোঃ সামস্ উদ্দিন উরফে সামস্ বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করলেও সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে আক্রমণ করতে এসে তাকে না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব চালায়। এই ঘটনার প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি।