দক্ষিণ সুরমা প্রতিনিধি ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের মোগলাবাজার থানাধীন কুচাই শ্রীরামপুর পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা আব্দুল মুকিতের ছেলে ফার্মেসী ব্যবসায়ী কাউসার আহমদ সাজনের বাড়িতে চাঁদার দাবিতে হামলা ও ভাংচুর করেছে বর্তমান সরকার দলীয় আওয়ামী লীগ নেতা এবিএম রেজাউল করিম ও নাজিবুরের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল ১৬ ডিসেম্বর ২০২২ইং বিকেলে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ফার্মেসী ব্যবসায়ী কাউসার আহমদ সাজনের খোঁজে তার বাড়িতে এসে তাকে না পেয়ে হামলা ও লুটপাট চালায়। মোবাইল ফোনে কাউসার আহমদ সাজন সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ নেতারা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য তার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময়ে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি প্রদান করে। সর্বশেষ গতকাল এরই জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।