দক্ষিণ সুরমা থেকে আওয়ামীলীগ নেতার পিতা নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪
দক্ষিণ সুরমা থেকে আওয়ামীলীগ নেতার পিতা নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে নিখোঁজ হয়েছেন আওয়ামীলীগ নেতা মো: আব্দুল করিম রিমনের পিতা মো: লায়েক মিয়া। তিনি দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। গত ১০ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে আর ফিরে আসেননি। পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মো: লায়েক মিয়া জরুরী কাজে স্থানীয় জৈনপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তার সাথে থাকা মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তখন পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন তাকে সম্ভাব্য স্থানসমূহে খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাননি। তবে বাজারের ২/৩ জন ব্যবসায়ী তাদেরকে জানিয়েছেন যে, রাতে বাজার সংলগ্ন রাস্তায় মাস্ক পরিহিত কিছু অস্ত্রধারী সন্ত্রাসী একজন লোককে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নিতে তারা দেখেছেন। অন্ধকার থাকায় তারা কাউকে চিনতে পারেননি। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা দক্ষিণ সুরমা থানায় গতকাল একটি জিডি করেছেন। জিডি নং-৩২১, তারিখ: ১১/০৯/২০২৪ ইং।
জিডিতে অভিযোগ করা হয়, মো: লায়েক মিয়াকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। কারণ তার পুত্র আব্দুল করিম রিমন আওয়ামীলীগের রাজনীতি করতেন। আব্দুল করিম রিমন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে রিমনের খোঁজে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তার বাড়িতে ও দোকানে ভাংচুর করেছে। রিমনকে তাদের হাতে তুলে দেয়ার জন্য তার পিতাকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। রিমন বিদেশে চলে যাওয়ায় তাকে ফিরিয়ে আনতে তার পিতাকে অপহরণ করা হয়েছে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ জিডি নিলেও মো: লায়েক মিয়াকে উদ্ধারে কোন পদক্ষেপ নিচ্ছেনা বলেও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মো: লায়েক মিয়া নিখোঁজের বিষয়ে তার পরিবার থেকে একটি জিডি দায়ের করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে। তবে এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।