বিয়ানীবাজার দুবাগ কলেজে ছাত্রলীগ ও শিবির-ছাত্রদলের সংঘর্ষে আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০২০
বিয়ানীবাজার দুবাগ কলেজে ছাত্রলীগ ও শিবির-ছাত্রদলের সংঘর্ষে আহত ৩

Manual1 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারের দুবাগ স্কুল অ্যান্ড কলেজে ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির পূর্বনির্ধারিত পরিচিতি সভা চলাকালে হঠাৎ করে কলেজ ছাত্রশিবির ও ছাত্রদলের প্রায় ২০-২৫ জন সশস্ত্র নেতা-কর্মী অতর্কিত হামলা চালায়। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেঁধে যায়।

Manual1 Ad Code

আহতদের মধ্যে রয়েছেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলিউর রহমান (১৮), প্রচার সম্পাদক রণি তালুকদার (২০) এবং একজন সাধারণ কলেজ ছাত্র। আহতদের মধ্যে অলিউরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Manual5 Ad Code

কলেজ ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি সাঈদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ সভায় ছাত্রশিবির ও ছাত্রদলের ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি।”

Manual3 Ad Code

নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হালিম অভিযোগ করেন, “বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাফি আলম মান্নার নির্দেশে ছাত্রশিবির নেতা শাহরিয়া আহমেদ চৌধুরী ও শিপার আহমদ চৌধুরী এবং উপজেলা ছাত্রদল নেতা ইকরাম হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আমরা সাধারণ ছাত্রদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিকে শাফি আলম মান্নার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হামলার বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রদলের সভাপতি রাইয়ান রাহী সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন, “ছাত্রদলের কেউ এই ঘটনায় জড়িত নয়।” এরপর তিনি আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

বিয়ানীবাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”