স্টাফ রিপোর্টার : সিলেট দক্ষিণ সুরমায় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাত ভাইদের সাথে সংঘর্ষের মামলায় ১ জনকে ১০ বছর ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আব্দুল মোমেন এই রায় প্রদান করেন।
মামলার রায়ে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার নবাং কাড়ারপার গ্রামের মৃত খুরশেদ আলীর পুত্র মো: আবু ইউসুফ (২৩) কে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মামলার অন্যান্য আসামীদের মধ্যে থেকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার নবাং কাড়ারপার গ্রামের মৃত খুরশেদ আলীর পুত্র মো: আব্দুল্লাহ (২৬), দিঘর গোয়াসপুর গ্রামের মৃত আফিজ আলীর পুত্র মতিউর রহমান (২৫), কাজীরগাঁও গ্রামের মৃত খলিল আহমদের পুত্র শাহীন আহমদ (৩০), দশহাল গ্রামের কমর উদ্দিনের পুত্র গিয়াস উদ্দিন (২৬) ও আমিনপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র সুনাম উদ্দিন (২২)-দের বিরুদ্ধে ১ বছর করে সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট আলী হায়দার ফারুক ও আসামিপক্ষে এডভোকেট মো: আব্দুল খালিক ও মোঃ আমিনুর রহমান মামলাটি পরিচালনা করেন। রায় ঘোষণার সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবু ইউসুফ ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ এবং গিয়াস উদ্দিন পলাতক ছিল। বাকী আসামীগণ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে নবাং কাড়ারপার গ্রামের জমশেদ আলীর দোকান কোঠা জোর পূর্বক দখল করতে দলবল নিয়ে যান তার আপন ভাতিজা আব্দুল্লাহ ও মোঃ আবু ইউসুফ। এসময় জমশেদ আলীর ছেলে কওছর আলী দখলে বাধা দিলে তার উপর হামলা
করে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাকে মৃত ভেবে আসামীগণ পালিয়ে যায়। এই ঘটনায় কওছর আলী বাবা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার (১৩ মার্চ) মামলার রায় প্রদান করা হয়।