স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কোতোয়ালি থানাধিন সাবেক জামায়াত নেতার বাসায় দুর্বৃত্ত কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। হামলায় কেউ আহত না হলেও বাসার আসবাবপত্র ভাংচুর, লুটপাট এবং বাসার সামনের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার (২৫শে জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর হিয়া বরন মোল্লাপাড়া, সবুজসেনা বাসা নং ১০৭ ব্লক-ডি মৃত বাদশা মিয়ার ছেলে মনসুর রহমান রাজুর বাসায় এই হামলার ঘটনা ঘটে। বাসায় থাকা লোকজন বাসার দেয়াল টপকিয়ে কোন রকমে সটকে পড়ায় হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান। আত্মগোপনে থাকা আওয়ামী সন্ত্রাসীরা এই হামলার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরীর হিয়া বরন মোল্লাপাড়া, সবুজসেনা বাসা নং ১০৭ ব্লক-ডি মৃত বাদশা মিয়ার ছেলে মনসুর রহমান রাজু কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে বিগত আওয়ামী সরকারের আমলে তার পরিবারের সদস্যদের একাধিক বার হুমকী-ধামকী দেয়া হয়েছে। এদিকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষে সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোঃ জিয়াউল হক বলেন, ১০ং ওয়ার্ডের একটি বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।