ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ফারুক আহমেদ চৌধুরী নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় তাকে আর তার ছেলে মারজুক আহমেদ চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়। মারধর করা হয়েছে তার স্ত্রী এবং বাসার দারোয়ানকে। গতকাল শুক্রবার ছাতক উপজেলার গণক্ষাই গ্রামে এই ঘটনা ঘটে।
ফারুক আহমেদ চৌধুরীর অভিযোগ, তার ছেলের ব্লু বার্ড নামক একটি এনজিওর সাথে সংশ্লিষ্টতার জের ধরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সৈয়দ মনসুর আহমেদ ও তার অনুসারীরা এই হামলা চালায়।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ফারুক আহমেদ চৌধুরী, তার স্ত্রী সুহানা পারভীন রুবি, তাদের একমাত্র ছেলে মারজুক আহমেদ চৌধুরী (১৯) এবং দারোয়ান মোশাহিদ মিয়া (৪৮)।
ফারুক আহমেদ বলেন, তার ছেলে ২০২০ সালে ব্লু বার্ড নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে। মূলত এলাকার হিজড়া আর সমকামী গোষ্টিকে সহায়তার জন্য গঠিত হলেও সব ধরনের অসহায় এবং প্রতিবন্ধীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। করোনাকালীন সময়ে এম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে আইসোলেশন রুম এবং জরুরি ঔষুধ হোম ডেলিভারির মতো উদ্যোগ নেওয়া হয়েছিল সংগঠনটির পক্ষ থেকে। কিন্তু সংগঠনটির অসাম্প্রদায়িক আর মুক্তবাদী চিন্তা চেতনার জন্য দীর্ঘদিন ধরে তারা হুমকির সম্মুখীন হচ্ছিলেন। যার ফলে রীতিমতো গোপনে সংগঠনটির কার্যকলাপ সংগঠিত হয়ে আসছিল।
ফারুক আহমেদ আরও বলেন, তার ছেলে মারজুক আহমেদ সংগঠনটির জন্য ছাতক বাজারে ডোনেশন তোলার উদ্যোগ নিলে মনসুর আহমেদের অনুসারীরা বাধা প্রদান করে। কিন্তু মারজুক আহমেদ তাতে কর্নপাত না করে তার কাজ চালিয়ে যেতে থাকেন। এরই জের ধরে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মনসুর আহমেদের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
ঘটনার অন্তত চারজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লুটপাটের সময় হামলাকারীরা স্থানীয় লোকজনকে ভিডিও ও ছবি তোলায় বাধা দেয়।
এ বিষয়ে মনসুর আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী পরিবারকে আমরা অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। তাদের একজন হাসপাতালে ভর্তি। এ কারণে তারা হয়তো অভিযোগ দেওয়ার সময় পাননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’