স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারের বাসিন্দা মো: মুজিবুর রহমান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল বিকেল ৫টার দিকে বড়বাজার ১৩৬ নং বাসায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা জোরপূর্বক বাসার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে।
এলাকাবাসী জানান, সিলেট নগরীর হেফজতে ইসলামীর অন্তত ১০/১৫ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা মো: মুজিবুর রহমান চৌধুরীর পুত্র ইসমাইল আহমেদ চৌধুরীকে খুঁজতে থাকে। তবে ঘটনার সময় ইসমাইল আহমেদ চৌধুরী বাসাতে ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। তখন মো: মুজিবুর রহমান তাদেরকে বাধা দিলে তাকে কলারে ধরে টেনে হিচড়ে বাহিরে নিয়ে এসে বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় হামলাকারীরা।
মো: মুজিবুর রহমান অভিযোগ করেন, হেফাজত কর্মীদের ভয়ে তার পুত্র বাসা ছেড়ে পালিয়ে গেছেন। হেফাজতের কর্মীরা তাকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাংচুর করে। ধামকি দিয়ে বলে ‘তোর ছেলে ইসমাইল আহমেদ চৌধুরী কাফের মুরতাদ। তাকে লুকিয়ে কোথায় রাখবে। আমরা জানি সে কোথায় আছে। তাকে সেখানে গিয়ে হত্যা করবো। একজন ধর্মত্যাগী ইসলামী অবমাননাকারীকে সহায়তা করার জন্য তোদেরকে চরম মূল্য দিতে হবে।’
মো: মুজিবুর রহমান জানান, হেফাজত নেতা তামিজ উদ্দিনের নির্যাতন থেকে ইসমাইল তার এক সহকর্মী হিন্দু মহিলাকে রক্ষা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ইসমাইলকে কাফের, মুরতাদ অপবাদ দেন এবং তাকে হত্যার জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন। এতে ইসমাইল ও তার স্ত্রীর জীবন ঝুপিূর্ণ হয়ে উঠে। তাই জীবন রক্ষার্থে ইসমাইল স্বপরিবারে বাসা ছেড়ে পালিয়েছে। তামিজ উদ্দিনের মিথ্যে অপবাদের উপর ভিত্তি করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ইসমাইল ও তার স্ত্রীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ হামলায় কমপক্ষে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা জানান, ইসমাইল একজন ধর্মপ্রাণ মুসলমানের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছে। সে মুসলমানের দুষমন। হিন্দু মহিলার প্রনয়ে জড়িয়ে সে অনৈতিক কাজ করে যাচ্ছে। সে কাফের মুরতাদ। ইসলামের বিধান অনুযায়ী তাকে পাথর নিক্ষেপে হত্যা করার বিধান রয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ধর্মীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না। ইসমাইল সস্ত্রীক পালিয়েছে। তাকে পেলে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।