কোম্পানীগঞ্জে চাঁদাবাজি রোধের সভায় হট্টগোলের জেরে ব্যবসায়ীদের উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত জুন ১২, ২০২৩
কোম্পানীগঞ্জে চাঁদাবাজি রোধের সভায় হট্টগোলের জেরে ব্যবসায়ীদের উপর হামলা

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর কোয়ারি এলাকায় বিভিন্ন স্থানে বালু ও পাথরবোঝাই যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধে এবং পাথর ব্যবসায়ীদের হয়রানি কমানোর লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে সর্বমহলের যৌথ সভা চলাকালে হট্টগোলের ঘটনা ঘটছে। এর জের ধরে পরবর্তীতে পাথর ব্যবসায়ীদের উপর হামলা ও খালেদ হোসেন নামের এক পাথর ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ভোলাগঞ্জের ব্যবসায়ীগণ। গত শনিবার (১০ জুন) দুপুর আড়াইটায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে হট্টগোলের ঘটনা ঘটে। পরদিন রবিবার (১১জুন) বিকেলে ভোলাগঞ্জে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল পুলিশ ও বিজিবির নাম ভাঙিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের নেতৃত্বে বালু ও পাথরবাহী যানবাহন আটকে চাঁদাবাজির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের কাছে লিখিত অভিযোগ করেন ভোলাগঞ্জের পাথার ব্যবসায়ী জেবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. খালেদ হোসেন। এর প্রেক্ষিতে ক্ষিপ্ত হন চাঁদাবাজি সি-িকেটের মূল হোতা ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া। গত ২১ মে তিনি ও তার সহযোগিরা ভোলাগঞ্জ এলাকায় গিয়ে খালেদসহ একাধিক ব্যবসায়ীকে হুমকি দিয়ে বলেন, পুলিশ বিজিবি ও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে মন্ত্রীর কাছে নালিশের পরিণাম ভালো হবে না। স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি কোম্পানীগঞ্জের ইউএনও লুসিকান্ত হাজংকে জানালে তিনি মন্ত্রীকে এ বিষয়ে অবগত করেন। পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদকে নির্দেশ দেন চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে সকল পক্ষকে নিয়ে উপজেলা পরিষদে বসে যেন বিষয়টির সুষ্ঠু সমাধান করা হয়। এ লক্ষ্যে শনিবার দুপুরে সবাইকে নিয়ে বৈঠকে বসেন উপজেলা চেয়ারম্যান শামীম। সভা চলাকালে সরাসরি পুলিশ, বিজিবি ও আলফু মিয়াসহ সরকারি দলের নেতাকর্মীদের নেতৃত্বে চাঁদাবাজি হচ্ছে বলে দাবি করেন পাথর ব্যবসায়ী মো. খালেদ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে আলফুর সন্ত্রাসী বাহিনীর লোকজন তার দিকে তেঁড়ে আসে এবং কিল ঘুসি লাথি মারে। এ সময় কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর ও কালাসাদক বিজিবি ক্যাম্পের সার্জেন্ট নুরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে খালেদসহ বেশ কয়েকজন ব্যবসায়ীকে সেখান থেকে বের করে দেন। হট্টগোলের কারণে প- হয়ে যায় সভাটি। এ সময় রহস্যময় কারণে নীরব ভূমিকা পালন করেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ। পরদিন বিকেলে এসব বিষয় নিয়ে আলোচনায় বসেন খালেদ হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীরা। এ সময় সেখানে হামলা চালায় আলফু চেয়ারম্যান ও তার বাহিনীর লোকজন। এসময় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পুলিশের সামনেই ব্যবসায়ীদের মারধর এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় করা হয় খালেদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান জেবি এন্টারপ্রাইজের অফিসে। এসময় আহত হন খালেদসহ বেশ কয়েকজন ব্যবসায়ী। কিন্তু রহস্যময় কারণে নীরব ভূমিকা পালন করে পুলিশ। উল্টো ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এ ঘটনায় আহতরা পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে। বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান।
এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী মো. খালেদ হোসেন জানান, ‘আমরা চাঁদা দিতে দিতে অতিষ্ঠ। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় আলফু বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। পুলিশ ও বিজিবি আমার শার্টের কলার ধরে সভা থেকে বের করে দেয়। পরদিন আলফু বাহিনী আমাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে আমাদের হত্যার চেষ্টা চালিয়েছে। পুলিশের সামনেই আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে এবং আগুন লাগিয়ে নথিপত্র জ্বালিয়ে দিয়েছে। এটা কোন ধরণের ন্যায় বিচার? আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ব্যাপারে অভিযুক্ত তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়ার বক্তব্য নেওয়ার জন্য বারবার তার মুঠোফোনে কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর বলেন, ‘ওই ব্যবসায়ী (খালেদ) সভায় উল্টোপাল্টা কথা বলায় অনেকেই ক্ষিপ্ত হয়ে তাকে মারতে তেঁড়ে আসে। এসময় আমিসহ পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবসায়ীদের সেখান থেকে চলে যেতে বলি।’ পরদিন ভোলাগঞ্জে পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীদের উপর আলফু বাহিনীর হামলার বিষয়টি অস্বীকার করেন ওসি। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।
রবিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ জানান, ‘ব্যবসায়ীরা প্রশাসনের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করেছে এটা ডাহা মিথ্যা কথা। বর্তমানে কোম্পানীগঞ্জে কোনো চাঁদাবাজি হয় না। গতকাল সভায় যে হট্টগোল হয়েছে সেটা কিছুই না। সামান্য ভুল বুঝাবুঝি মাত্র। ভোলাগঞ্জে আজ বিকেলে ব্যবসায়ীদের উপর হামলার খবর শুনেছি। কিন্তু কারা হামলা করেছে, সে ব্যাপারে আমি কিছু জানিনা।’