সিলেট সুরমা ডেস্ক : সিলেটের জালালাবাদ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনছার আলীর (৩০) বিরুদ্ধে তার নিজ বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন তারই জন্মদাতা পিতা। গত রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার আনছার আলীর বাবা সুরুজ আলী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে এসএমপি’র জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর -১২, তারিখ ২৯/০৪/২০২৪ইং। এদিকে ঘটনার পর থেকেই পলাতক আছেন ছাত্রলীগ নেতা আনছার।
মামলাসূত্রে জানা গেছে, জালালাবাদ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনছার আলীর বাবা সুরুজ আলী দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। তিনি সৌদি থাকাকালীন ২০১৯ সালে ১০ লাখ টাকা খরচ করে আনছার আলীকে ইউক্রেনে পাঠান। কিন্তু সেখানে গিয়ে আনছার কোনো কাজ না করে শুয়ে-বসে দিন কাটাতে থাকেন। উল্টো খরচের জন্য বাবার কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা নেন। ইউক্রেনে থাকাকালীন তিনি সেখানকার এক খ্রিস্টান নারীকে বিয়ে করেন। বিষয়টি তিনি পরিবারের কাছে গোপন রাখেন। ২০২২ সালে সৌদি আরবের প্রবাস জীবন শেষ করে স্থায়ীভাবে দেশে ফিরেন আনছারের বাবা সুরুজ আলী। একই বছর ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে ইউক্রেন থেকে পর্তুগাল হয়ে যুক্তরাজ্য চলে যান আনছার আলী। ২০২৩ সালে যুক্তরাজ্য থেকে বাড়ি আসেন আনছার। সেসময় পরিবারের লোকজন তাকে বিয়ে করাতে চাইলে তিনি আগামী বছর এসে করবেন বলে পরিবারকে আশ্বস্ত করে যুক্তরাজ্যে ফিরে যান। ২০২৪ সালের ২০ মার্চ আবারও দেশে আসেন আনছার আলী। এবারও বিয়ের জন্য পরিবার তাকে চাপ দিলে আনছার জানান, তিনি ইউক্রেনে থাকাকালীন ২০১৯ সালে একটি খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছেন।
এমন খবরে স্তম্ভিত হয়ে যায় আনছারের পরিবার। একজন মুসলিম ছেলে হয়ে খ্রিস্টান মেয়েকে বিয়ে করায় আত্মীয়স্বজন ও এলাকার লোকজন আনছার ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়। আনছার আলীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনেন তারা। এমন পরিস্থিতিতে আনছার আলীকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন সুরুজ আলী। তাকে সকল সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরিবারের সদস্যরা তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন জালালাবাদ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনছার আলী। পারিবারিক সম্পত্তিতে নিজের হিস্যা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেন তিনি। ত্যাজ্যপুত্র ঘোষণার পর থেকে বিভিন্নভাবে সুরুজ আলীসহ পরিবারের লোকজনকে হুমকি-ধমকি প্রদান করেন আনছার আলী। আনছারের পক্ষ নিয়ে সুরুজ আলীর পরিবারকে ক্রমাগত হুমকি দিতে থাকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সন্ত্রাসী বাহিনীর লোকজন। এত বাধ্য হয়ে গত ২৩ মার্চ ছেলের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১৪৫) দায়ের করেন সুরুজ আলী। এতে আরও ক্ষিপ্ত হন আনছার আলী। রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে ছাত্রলীগ নেতা আনছার আলীর নেতৃত্বে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০/১৫ জন সন্ত্রাসী পশ্চিম দর্শা গ্রামে সুরুজ আলীর বাড়িতে হামলা চালায়। এসময় প্রাণ ভয়ে প্রতিবেশী এক ভাতিজার ঘরে লুকিয়ে পড়েন সুরুজ আলী। তাকে না পেয়ে বাড়িঘরে হামলা চালিয়ে দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে আনছারের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ভাঙচুরের শব্দে এবং পরিবারের সদস্যদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় আনছার ও তার লোকজন। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে সুরুজ আলীর পরিবার। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এদিকে, সম্পত্তির লোভে আনছার আলীর নিজের বাড়িতে হামলার ঘটনায় হতবাক এলাকাবাসীও।
প্রত্যক্ষদর্শী রহমত আলী জানান, আমার প্রতিবেশী সুরুজ আলী চাচার ছেলে প্রবাসী আনছার আলী একটি খ্রিষ্টান মেয়েকে বিয়ে করায় এলাকাবাসী তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। সুরুজ আলীও তার ছেলেকে ত্যাজ্য করেন। এরপর থেকে সে বাড়িতে অবস্থান করত না। রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে কয়েকটি মোটরসাইকেলে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ বেশ কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে সুরুজ আলীর বাড়িতে হামলা চালায় আনছার। এসময় হট্টগোলের শব্দে আমিসহ অন্যান্য প্রতিবেশিরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আনছার আলী একে তো বিধর্মীকে বিয়ে করেছে, তার উপর নিজের বাড়িতে হামলা চালিয়ে নিকৃষ্টতম কাজ করেছে। এ নিয়ে আমাদের গ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা সুরুজ আলীর পরিবারের পাশে আছি। সন্ত্রাসী ছাত্রলীগ ক্যাডার আনছার আলীকে এলাকাবাসী খুঁজছে। হাতের কাছে পেলে তাকে উচিৎ শিক্ষা দেওয়া হবে। তাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি।
ভুক্তভোগী সুরুজ আলী জানান, আমার ছেলে আনছার আলী একটি বিধর্মী মেয়েকে বিয়ে করায় তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করি। তার সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক নেই। একারণে সে ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। সে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে, যদি সম্পত্তির ভাগ তাকে না দেওয়া হয়, তাহলে সে আমাকে হত্যা করবে। আমি এবং আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আনছার আলী ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার একটি গুন্ডা বাহিনী রয়েছে, যাদের সে নিয়মিত টাকাপয়সা দিয়ে চালায়। সেই সন্ত্রাসীদের নিয়ে সে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি৷ আনছার আলীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। নতুবা সে নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার ও আমার ক্ষতিসাধন করতে পারে।
এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত আসামি জালালাবাদ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনছার আলীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, পশ্চিম দর্শা গ্রামে একটি বাড়িতে হামলার ঘটনায় সুরুজ আলী নামে একজন বাদি হয়ে তার ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার একমাত্র আসামি হিসেবে জালালাবাদ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনছার আলীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।