নিজস্ব রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে গ্রামীণ উন্নয়ন অবকাঠামো রক্ষণাবেক্ষণের আওতায় (টিআর-কাবিখা) কাজ না করেই বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে। স্থানীয় চকিনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান চৌধুরী এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা অহিদুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেছে। মাঠ পর্যায়ে ঘুরে এসব প্রকল্পের তেমন কোনো কাজ দেখা যায়নি।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন জৈন্তাপুর প্রতিনিধি খাইরুল ইসলাম গতকাল ২৩ আগস্ট ২০২২ জৈন্তাপুর উপজেলার চকিনাগুল ইউনয়িনরে সাতজনি ও ঠাকুরের মাটি রাস্তা নির্মাণ কেন্দ্র করে হরিলুটের ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করলে বিষয়টি জানাজানি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর) প্রকল্পের আওতায় নয়াগ্রাম-হিলিপার এলাকায় এইচবিবি রাস্তার নির্মাণ ও মাটি ভরাটের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে প্রকল্প সভাপতি ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান চৌধুরী। প্রকল্পের সদস্য সচিব ছিলেন ৮নং ওয়ার্ডের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা অহিদুর রহমান। কিন্তু এই দুই আওয়ামী লীগ নেতা রাস্তায় নামমাত্র মাটি ভরাট করে উর্ধ্বতন কর্তৃপক্ষের জোগসাজশে বিল উত্তোলন করেছেন।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, এখানে শুনেছি কাজ করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে- তবে তেমন কোনো কাজ হয়নি। এটিতে আগে যেমন ভাঙা ছিল এখনো একই অবস্থায় আছে। সেদিন শুধু রাস্তায় বালু ফেলে উঁচু নিচু সমান করে দিয়েছে। আবার একদিন সাংবাদিক এসেছিল তারা আসার পরে পুনরায় নামমাত্র একটু কাজ করেছে।
এ বিষয়ে প্রকল্প সভাপতি চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান চৌধুরী বলেন, আপনি আপাতত থামেন ভাই, আপনার সঙ্গে আমার দেখা হোক তারপর এসব করেন। আপনাকে ব্যাপারটা একটু বুঝতে হবে আমি একটা প্রতিষ্ঠান চালাই, এ বিষয়ে আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।
আর প্রকল্প সদস্য সচিব ৮নং ওয়ার্ডের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা অহিদুর রহমান বলেন, আমার নামে একটা প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। টাকা তুলেছি কাজ করব। এখন এসব বিষয়ে প্রত্রিকায় নিউজ করলে তো মান-সম্মান চলে যাবে। নিউজ বন্ধ রাখেন। আপনাদের (সাংবাদিক) সাথে যোগাযোগ করব।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি। ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।
অভিযোগকারী আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন জৈন্তাপুর প্রতিনিধি খাইরুল ইসলাম ২৩ আগস্ট সন্ধ্যায় বলেন, উপজেলার একটি প্রান্তিক ইউনিয়নে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ২ কোটি টাকার বড় প্রকল্প বরাদ্দ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ নেতারা কাজ না করে টাকা উত্তোলন করেছে। আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এভাবে জনগণের টাকা নয়-ছয় করার চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করে।