ছাত্রদল নেতার অভিযোগে সাবেক ছাত্র শিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫
ছাত্রদল নেতার অভিযোগে সাবেক ছাত্র শিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী

Manual4 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতার ছাত্রত্ব নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করায় প্রবাসী সাবেক ছাত্রশিবির নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার তারাদরম গ্রামের তছলিম উদ্দিনের পুত্র সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিজানুর রহমানের বাড়ীতে গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যাপক তল্লাশী চালিয়েছে পুলিশ।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতার ছাত্রত্ব নিয়ে কটূক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদলকে নিয়ে অসত্য, কুরুচিপূর্ণ, উস্কানিমূলক লেখালেখির অভিযোগে গত ৮ আগস্ট বড়লেখা থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শরীফ উদ্দিন। এই মামলার ২নং আসামী হলেন- সাবেক ছাত্রশিবির নেতা মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। দেশে থাকতে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি দেশে থাকতে ছাত্রশিবিরের সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি এবং সিলেট এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসে গিয়েও তিনি ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি দেশের রাজনীতির বিভিন্ন অসঙ্গতি নিয়ে লেখালেখি করছেন।
সম্প্রতি একটি রাজনৈতিক সমালোচনামূলক পোষ্টকে কেন্দ্র করে বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শরীফ উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযোগের তদন্তে তল্লাশী চালায়। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে সাবেক ছাত্রশিবির নেতা মিজানুর রহমানের বাড়ীতে অভিযান চালান। এসময় বাড়ীতে থাকা তার পরিবারের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও হুমকী-ধামকীর অভিযোগ উঠছে।
এ ব্যাপারে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম বলেন, একটি অভিযোগের প্রেক্ষিতে মিজানুর রহমানের বাড়ীতে গিয়েছিলাম। তার রাজনৈতিক পরিচিতি নিয়ে আমাদের কোন আগ্রহ নেই। আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়েছি। আদালতে সে অনুযায়ী প্রতিবেদন জমা দিবো।