সাকলাইন সালেহিন, নিজস্ব প্রতিবেদক:
পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে নির্মম হামলার শিকার হয়েছেন দৈনিক প্রভাকর-এর সাংবাদিক মীর মাহফুজ রব্বানী। সাংবাদিকতার পাশাপাশি রাব্বানী স্যামসাং হবিগঞ্জ শাখার টেরিটরি ম্যানেজার (বিক্রয় ও বিপণন) হিসেবেও দায়িত্ব পালন করছেন। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয় বিশিষ্টজনরা বলেন, হামলাটি শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং এটি মুক্ত সাংবাদিকতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) সন্ধ্যায় ব্যবসায়িক তদন্ত কাজ শেষে ফেরার পথে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী মীর মাহফুজ রব্বানীর উপর হামলা চালায়। চাপাতি, চুরি, লাঠি ও দেশীয় অস্ত্রসহ হামলাকারীরা তাকে মারাত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে এ কে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হামলার নেতৃত্বে ছিলেন কোর্ট প্রসিকিউটর আব্দুল কাসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কামালসহ আরও পাঁচজন অজ্ঞাত আওয়ামী লীগ নেতাকর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তির দাবি, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবী আলমগীর চৌধুরী। তার প্রত্যক্ষ নির্দেশেই এই হামলা সংঘটিত হয়।
এই অভিযোগ সম্পর্কে জানতে অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়, তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হামলার আগে থেকেই সাংবাদিক মাহফুজ টার্গেটে ছিলেন বলেই মনে করছেন তার সহকর্মী ও চাকরিদাতা প্রতিষ্ঠান স্যামসাং-এর কর্পোরেট সেলস ম্যানেজার নিরুপম দাস। তিনি বলেন, “২০ মে ২০২৩ তারিখে কিছু অজ্ঞাত যুবক আমাদের দোকানে জোরপূর্বক প্রবেশ করে মাহফুজকে খুঁজতে থাকে। তারা দোকানে ভাঙচুর চালায় এবং ক্ষতিসাধন করে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ। তারা বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা এবং মানবাধিকারের ওপর এক বড় ধরনের আঘাত। যদি সত্য প্রকাশ করতে গিয়ে একজন সাংবাদিক এভাবে আক্রান্ত হন, তাহলে গোটা সমাজের নিরাপত্তা কোথায়?
মীর মাহফুজ রব্বানীর পরিবারের সদস্যরা বর্তমানে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। শুধু তারা নয়, হবিগঞ্জের সাংবাদিক সমাজ, ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণও চাইছেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ।