সাকলাইন সালেহিন, গোয়াইনঘাট প্রতিনিধি
একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করছিলেন মো: সারোয়ার মাহমুদ। রাজনৈতিক ক্ষমতার ছায়ায় তার ব্যবসার ভবিষ্যত হুমকির মুখে পড়বে—এ ভাবনাটি হয়তো কখনো কল্পনাও করেননি। কিন্তু বাস্তবতা এখন অন্যরকম।
গোয়াইনঘাট উপজেলার স্থানীয় ব্যবসায়ী মো: সারোয়ার মাহমুদ দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন “পারুল এন্টারপ্রাইজ” ও “পারুল ক্যাটল ফার্ম” নামের দুটি প্রতিষ্ঠান। স্থানীয় পর্যায়ে খ্যাতিমান এই উদ্যোক্তা কোনো রাজনৈতিক দলে জড়িত নন। তবে তার বাবা মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতা ও পরিচিত সমাজসেবক।
অভিযোগ রয়েছে, ২০২২ সালের ৩০ ডিসেম্বর, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান ‘নতুন বছরের শুভেচ্ছা অনুষ্ঠানে’ দলের প্রয়োজনে সারোয়ার মাহমুদের খামার থেকে পাঁচটি গরু নেন। কিন্তু সেই গরুগুলোর বিনিময়ে আজও কোনো টাকা পরিশোধ করা হয়নি।
এ ঘটনার পর, ২০২৩ সালের ১৪ আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে আরও ৮টি গরু চাওয়া হয় সারোয়ারের কাছ থেকে। ব্যবসায়ী গরু সরবরাহ করেন, কিন্তু বিল চাইলে উপজেলা চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন—পেমেন্টের প্রশ্নই ওঠে না।
২০২৩ সালের ২০ ডিসেম্বর, ব্যবসায়ী মো: সারোয়ার মাহমুদ উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমানের কার্যালয়ে গিয়ে তার কাছে পাওনা অর্থ দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে মো: সারোয়ার মাহমুদকে বলেন, “গরুগুলো তো দলের কাজে লেগেছে, এই জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত।” এরপর সারোয়ার পুনরায় টাকা চাইলে, সারোয়ার মাহমুদকে প্রকাশ্যে চড় মারেন এবং বলেন, “ক্ষমতাসীন দলের দয়ায় তোমাকে এলাকায় ব্যবসা করতে দেওয়া হচ্ছে। আবার টাকা চাইলে মামলা দিয়ে দেব, দোকান জ্বালিয়ে দেব।”
এই ঘটনার পর ২৩ ডিসেম্বর ২০২৩ মো: সারোয়ার মাহমুদ স্থানীয় গোয়াইনঘাট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
স্থানীয় এক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা চোখের সামনে একজন ব্যবসায়ীকে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হতে দেখেছি। কিন্তু কেউ কিছু বলার সাহস পায় নাই।”
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দেননি।
মো: সারোয়ার মাহমুদ বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু আমার ন্যায্য পাওনা টাকা চেয়েছি। কিন্তু তার জন্য আজ হুমকি-ধামকি ও লাঞ্ছনার শিকার হতে হলো। আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি শুধু ব্যবসা করতে চাই, রাজনীতি নয়।”