কানাইঘাটে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের হামলা, প্রাণ গেল যুবকের

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৩
কানাইঘাটে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের হামলা, প্রাণ গেল যুবকের

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় রিদওয়ানুল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছোট ভাই মো. রেজাউল করিম চৌধুরী ও বৃদ্ধা মা মোছা. ফাতেমা বেগম চৌধুরী। নিহত রিদওয়ানুল কানাইঘাট উপজেলার উজান বড়পইত গ্রামের মো. জহির উদ্দিন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে উজান বড়পইত গ্রামে মো. জহির উদ্দিনের বাড়িতে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। কানাইঘাটের উপজেলা লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জয়নুলের নেতৃত্বে রিজু, টকি ও আরও অন্তত ১২/১৫ জন সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলার সময় জহির উদ্দিন ও তাঁর ছোট ছেলে এবং মেয়ে বাড়িতে ছিলেন না।
পরিবারের অভিযোগ, সন্ত্রাসীরা প্রথমে রেজাউল করিমের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হকিস্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। এ সময় সন্ত্রাসী টকি গুলি করতে উদ্যত হলে ভাইকে বাঁচাতে এগিয়ে যান রিদওয়ানুল। তখন জয়নুল তাঁকে মাটিতে ফেলে দেয় এবং টকি তাঁর পেটে ও বুকে একের পর এক গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
আহত ফাতেমা বেগম জানান, পুত্রদের বাচাতে তিনি সন্ত্রাসীদের পায়ে ধরে কান্নাকাটি করেন, হাতজোড় করে বলেন, ওদের কিছু কইরো না- যা চাও নিয়ে যাও। তাদের বাঁচানোর আশায় আলমারির চাবি নিজে হাতে দিলাম। কিন্তু বাচাতে পারলাম না। সন্ত্রাসীরা রেদওয়ানুলকে হত্যা করলো, ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেল। যাওয়ার সময় গুরুতর আহত রেজাউলকে হুমকি দিয়ে গেল- “১৫ দিনের মধ্যে আরও টাকা না দিলে পরিণতি ভালো হবে না।”
সন্ত্রাসীরা চলে গেলে প্রতিবেশীরা আহত মা ও দুই ভাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রিদওয়ানুলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আহত মা ও ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতের পিতা মো. জহির উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, “এই হত্যাকা-ের পেছনে আছে আমার ভাতিজা তৌহিদুর। রেজাউলের সাথে অংশীদারিত্বে ব্যবসা রয়েছে তৌহিদুরের। সে এখন ব্যবসা প্রতিষ্ঠানটি একাই জোরপূর্বক দখল করতে চায়। এজন্যই লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন ও মেম্বার মেসবাহুর রহমানের সহযোগিতায় ছাত্রলীগ সন্ত্রাসী জয়নুল ও তার বাহিনী দিয়ে বারবার আমাদের ওপর হামলা চালিয়েছে। শেষ পর্যন্ত আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয়রা জানান, প্রভাবশালী রাজনীতিবিদদের ছত্রছায়ায় থেকে ছাত্রলীগ নেতা জয়নুল ও তাঁর সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে। রিদওয়ানুল হত্যার পর এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। তবে প্রভাবশালী মহলের ভয়েই কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
ঘটনার বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “উজান বড়পইত গ্রামের একটি বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। কেউ অভিযোগও করেনি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”