সিলেট সুরমা রিপোর্ট
সিলেট মহানগর ছাত্রদল নেতা মোঃ রিপন মিয়ার বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়ার পিতা আছকির মিয়া মারাত্মক আহত হয়েছেন। তাহাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি থাকা আছকির মিয়ার নিকট থেকে জানা যায় যে, তাহাদের স্থায়ী ঠিকানা হলো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কাজিরগাঁও এলাকায় কিন্তু তাহার ছেলে মোঃ রিপন মিয়ার লেখাপড়া ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রয়োজনে তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে থাকেন। তাহার ছেলে মোঃ রিপন মিয়া লেখাপড়া করাকালীন সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। রাজনৈতিক বিরোধের ফলে তার উপর একাধিকবার সন্ত্রাসী হামলা হয়েছে। বিগত ২০২২ ইং সালে স্থানীয় আওয়ামীলীগ সন্ত্রাসী শাহজাহান আহমদ, আশিক আহমদ, বাবলু আহমদ, মাহতাব উদ্দিন, আব্বাছ উদ্দিন, আবুল হাসান, লিমন আহমদ, আব্দুল জলিল, রনি আহমদ সহ সহযোগী সন্ত্রাসীরা তাহার ছেলে মোঃ রিপন মিয়ার উপর হামলা চালানোর ঘটনায় মোঃ রিপন মিয়া বাদী হইয়া উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলাটি আদালতে বিচারাধীন রহিয়াছে। মামলা দায়েরের পর হইতে আসামীরা বিভিন্নভাবে মামলার বাদী ও তাহার পরিবারকে মামলা উঠাইয়া নেওয়ার জন্য হুমকি ধামকি দেয়। এজন্য প্রানভয়ে মামলার বাদী মোঃ রিপন মিয়া বিগত ২০২২ ইং সালের অক্টোবর মাসে বাংলাদেশ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান।
এরপর থেকেই সন্ত্রাসী শাহজাহান আহমদ, আশিক আহমদ, বাবলু আহমদসহ অন্যান্য সন্ত্রাসীরা তাহার পরিবারের লোকদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও প্রাণে হত্যার ভয় দেখিয়ে আসিতেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় আওয়ামীলীগ নেতা শাহজাহান আহমদ, আশিক আহমদ, বাবলু আহমদ তাহার সঙ্গীয় আওয়ামীলীগ সন্ত্রাসীদের নিয়ে অতর্কিতভাবে ছাত্রদল নেতা মোঃ রিপন মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘরে রাখা মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণালংকার সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তখন মোঃ রিপন মিয়ার পিতা আছকির মিয়া তাহাদের প্রতিরোধ করিলে সন্ত্রাসীরা তাহার উপর হামলা করে মারাত্মক জখম করে। ফলে আছকির মিয়ার ডান হাতের কব্জি ভেঙ্গে যায়। ধারণা করা হচ্ছে যে, প্রাণে হত্যা করাই ছিল এই হামলা মূল উদ্দেশ্য। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার শিকার হওয়া আছকির মিয়ার সাথে আলাপকালে জানা যায় যে, তিনি এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মহানগর ছাত্রদল নেতা মোঃ রিপন মিয়ার বাসায় আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাহারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত পূর্বক হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।