বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জের মোরার বাজারে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় এক যুবক আহতের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) আনুমানিক রাত ৯টার সময় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে এই ঘটনা ঘটে। আহতের নাম মোঃ আব্দুল মুহিত আলী মেরাজ (২৭)। সে উপজেলার গহরপুরের ৬নং ওয়ার্ডের আহমদপুর গ্রামের জমির আলীর পুত্র। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯ টার সময় মোরার বাজারে কেনাকাটা শেষে মোঃ আব্দুল মুহিত আলী মেরাজ বাড়ী ফিরছিলেন। হঠাৎ বাজারের মধ্যখানে উৎপেতে থাকা স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তার আর্তচিৎকার শুনে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশীয় ধারালো অস্ত্র বাজার কমিটির সদস্যবৃন্দ জব্দ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ শেষ খবর পাওয়া পর্যন্ত মেরাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা তার পরিবারকে আশ্বাস দিয়ে বলেছেন এখন সে আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ নাম প্রকাশ করতে রাজী হয় নি।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন ভুইয়া জানান, এই ধরণের একটি হামলার ঘটনার খবর জেনেছি। কিন্তু সরেজমিনে এখনও যাওয়া হয় নি। তবে কেউ এখনও অভিযোগ করেন নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।