গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের গোলাপগঞ্জে এবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রচার সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ ফাহিমের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২০ মে রাতেও তিনি একই ধরনের হামলার শিকার হন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে, রাত ১০টার দিকে ফাহিম তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহিন আহমেদ খানের নেতৃত্বে ১০ থেকে ১১ জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এ সময় হামলাকারীরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তার ওপর নির্মমভাবে হামলা চালায়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফাহিম অভিযোগ করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও হামলাকারীরা তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে। এতে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে এবং তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।