সিলেট সুরমা ডেস্ক : শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মোগলাবাজার থানাধীন মোল্লারচক গ্রামে পুলিশ অভিযান চালায়। তবে এসময় সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আজিম উদ্দিন রায়হানকে বাড়িতে পাওয়া যায়নি।
মোঃ আজিম উদ্দিন রায়হানের বাড়ির লোকজন জানান, ‘শুক্রবার পুলিশ মোঃ আজিম উদ্দিন রায়হানের খোঁজে আসে। এসময় আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক ছিলেন না। পুলিশ তাকে না পেয়ে প্রতিবেশী লোকজনের সাথে কথা বলে চলে যায়।’ তাহারা জানান, ‘মোঃ আজিম উদ্দিন রায়হান সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি করেছে। সে কখনো কারো ক্ষতি করেনি।’
স্থানীয় ব্যক্তি মকদ্দুছ আলী পুলিশের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোঃ আজিম উদ্দিন রায়হান ছাত্রলীগ করলেও আমার জানা মতো সে এলাকার কারো ক্ষতি করেনি। বরং তার মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ হয়েছে।’
জানা যায়, মোঃ আজিম উদ্দিন রায়হান বাংলাদেশ ছাত্রলীগ সিলাম ইউনিয়ন শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীদের মতো তিনিও আত্মগোপন করেন। এদিকে, সরকার পতনের পর পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। এরই মধ্যে দক্ষিণ সুরমা থানা যুবলীগ নেতা মাহবুবুর রহমান ও দিলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মোঃ আজিম উদ্দিন রায়হান ইতোমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদ বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধ ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেশকিছু অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি আরোও বলেন, মোঃ আজিম উদ্দিন রায়হানের বিরুদ্ধে মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানায় একাধিক মামলা রয়েছে। এজন্য এজাহারভুক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য এ অভিযান পরিচালনা করা হয়।