সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে পাথর ব্যবসায়ী তারেক আহমদ লিমনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৯ ফেব্রুয়ারি উপজেলার জাফলং এলাকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত তারেক আহমদ লিমন (পিতা: মো. রাজু মিয়া) গোয়াইনঘাট উপজেলার জাফলং ছৈলাখেল ৮ম খণ্ড গ্রামের বাসিন্দা। তিনি মাহরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং এলাকায় একজন স্টকিস্ট ও বোল্ডার পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি তারেক আহমদ লিমন নিজ কার্যালয়ে অবস্থানকালে জামাই সুমন নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন সেখানে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধের কারণে তারেক আহমদ লিমন বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে ছিলেন। এসব কারণে তার ব্যবসায়িক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা অভিযোগ করেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর ২০২২ তারিখে স্থানীয় সন্ত্রাসী লোকমান, জাহিদ আহমদ, ইসমাইল, রুবেলসহ ৫/৭ জন অস্ত্রধারী তারেক আহমদ লিমনের ছোট ভাইকে অফিস থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।