সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ব্যবসায়ীকে হত্যার হুমকি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২, ২০২৩
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ব্যবসায়ীকে হত্যার হুমকি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর ঐতিহ্যবাহী পাইকারি ব্যবসা কেন্দ্র মহাজনপট্টিতে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে দোকানের স্বত্বাধিকারী ব্যবসায়ী আবুল কালাম খান দৌড়ে পালিয়ে গেলে তিনি অল্পের জন্য রক্ষা পান। ঘটনাটি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, ০১ অক্টোবর ২০২৩ রোববার দুপুরের দিকে মহাজনপট্টির ‘সালেহ আহমদ খান এন্ড সন্স’ নামের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকজন যুবক প্রবেশ করে। সে সময় প্রতিষ্ঠানে একাধিক ক্রেতা উপস্থিত ছিলেন। প্রথমে তারা ক্রেতা সেজে দোকানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তাদের একজন অতর্কিতভাবে দোকানের স্বত্বাধিকারী আবুল কালাম খানকে চড় মারলে দোকানের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে হামলাকারীরা হকিস্টিক বের করে তাকে মারধরের চেষ্টা করে।
পরিস্থিতি বেগতিক দেখে আবুল কালাম খান পাশের একটি গলি দিয়ে দৌড়ে আত্মরক্ষা করেন। এ সময় দোকানের কর্মচারী ও শ্রমিকরা হামলাকারীদের বাধা দিলে তারা তাকে ধরতে ব্যর্থ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রচণ্ড উত্তেজিত ছিল এবং চলে যাওয়ার আগে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সময় দোকানে উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। হামলার খবর ছড়িয়ে পড়লে পুরো মহাজনপট্টি এলাকায় আতঙ্ক বিরাজ করে। আশপাশের ব্যবসায়ীরাও বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, ব্যবসা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থানে দিনের বেলায় এ ধরনের হামলা ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।