কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর পশ্চিম গ্রামের বাসিন্দা তরুণ ব্যবসায়ী সাইফুর রহমান (১৮), পিতা- ফারুক আহমদের ওপর চাঁদার দাবিতে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। তিনি বাধা দিলে পিস্তল, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে একদল সশস্ত্র ব্যক্তি তার পথরোধ করে। তাদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগপন্থী ক্যাডার হিসেবে পরিচিত সাদেক ও ফখরকে তিনি শনাক্ত করেন। অভিযোগে বলা হয়েছে, সাদেকের হাতে একটি পিস্তল এবং ফখরের হাতে একটি রামদা ছিল। তাদের সঙ্গে থাকা অন্যদের হাতে ছিল লাঠি ও লোহার রড।
ভুক্তভোগীর ভাষ্য, হামলাকারীরা প্রথমে তার কাছে পূর্বে দাবি করা চাঁদার টাকা পরিশোধ না করা এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার কারণ জানতে চায়। পরে তারা জানায়, স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে তাকে চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। তিনি যেতে অস্বীকৃতি জানিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে এক হামলাকারী তার মুখে পিস্তল ঠেকিয়ে চুপ থাকতে বলে। এরপর সংঘবদ্ধভাবে তাকে ঘুষি, লাথি, লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে ফখর নামে অভিযুক্ত ব্যক্তি ধারালো রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এতে তার মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসতে পারেননি। পরে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।