দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় ও পারিবারিক শত্রুতার জের ধরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের লালটেক গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ ফেরদৌস দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই বাড়িতেই স্ব-পরিবারে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও দলীয় কোন্দলের জের ধরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার বাড়িতে ঢুকে হামলা চালায়। এসময় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। হামলায় বাধা দিতে গিয়ে পরিবারের এক সদস্য আহত হন। পরে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা হামলাকারীরা সিলেট মহানগর (২১ নং ওয়ার্ড) যুবদলের সহ-সভাপতি তাহমিদ খান শিমুলের অনুসারী।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে যুবলীগ নেতা মোঃ ফেরদৌস বলেন, “দলীয় ও পারিবারিক শত্রুতার জের ধরেই আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সিলেট মহানগর (২১ নং ওয়ার্ড) যুবদলের সহ-সভাপতি তাহমিদ খান শিমুলের নির্দেশে এ ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।”
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তা আমলে নেয়নি।
এ বিষয়ে জানতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।