বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার জামান প্লাজা শপিং মলে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস স্থাপনের কাজ চলাকালে সশস্ত্র হামলার ঘটনায় ব্যবসায়ী রেদওয়ান হোসেন ও তার প্রতিষ্ঠানের লিড শ্রমিক লিটনসহ মোট ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত রেদওয়ান হোসেন বিয়ানীবাজারের ‘রেদওয়ান এন্টারপ্রাইজ’ নামের থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক ভবনে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস স্থাপনের কাজ করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণকাজ চলাকালে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল ঘটনাস্থলে এসে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস ও যন্ত্রপাতি ভাঙচুর করে। হামলাকারীরা রেদওয়ান হোসেনকে বেধড়ক মারধর করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। হামলায় আরও কয়েকজন শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু রেদওয়ান হোসেন ও শ্রমিক লিটনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং ছাত্রলীগ নেতা পাবেল মাহমুদ সপ্তাহখানেক আগে রেদওয়ান হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। গতকাল তাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও নির্মাণশ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”