অপহরণের চেষ্টায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, ফেসবুক মেসেঞ্জারে হুমকির অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৯
অপহরণের চেষ্টায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, ফেসবুক মেসেঞ্জারে হুমকির অভিযোগ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর তোপখানা এলাকার পূর্ব কাজির বাজারসংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে অভিযুক্তরা মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীর।
৮ এপ্রিল বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অপহরণের শিকার নাছির উদ্দিন আহমেদ তোপখানা এলাকার বাসিন্দা।
তিনি স্থানীয় ব্যবসায়ী ধনু মিয়ার সন্তান। নাছির উদ্দিন আহমেদ জানান, গতকাল বিকেলে বাসা থেকে কাজির বাজারে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে থাকা চারজন ব্যক্তি তার পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে জোর করে একটি সিএনজি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন এবং সিএনজি অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন। তাদের কারও কাছে পিস্তল এবং কারও কাছে চাপাতি, ছুরি ও রামদার মতো দেশীয় অস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।
নাছির আরও বলেন, অপহরণকারীরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে সিএনজিতে তোলার চেষ্টা করে। একপর্যায়ে তার ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়। জীবন বাঁচাতে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। তবে অস্ত্রধারীদের ভয়ে কেউ এগিয়ে আসছিলেন না। এ সময় মো. জুয়েল ওরফে বাট্টি নামে একজন ব্যক্তি সাহস করে তাকে উদ্ধারে এগিয়ে আসেন বলে জানান নাছির। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি বেড়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
নাছিরের অভিযোগ, ঘটনার পর রাত ৮টার দিকে শাকিল চৌধুরী নামে একজন ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে এবং ফোনকলের মাধ্যমে তাকে হুমকি দেন ও চাঁদা দাবি করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, তাকে অপহরণের চেষ্টায় ছয়জন জড়িত ছিলেন। তাদের মধ্যে কুয়ারপার এলাকার খালেদ ওরফে মোটা খালেদ এবং আখালিয়া কালীবাড়ি এলাকার জুবেলসহ দুজনের নাম তিনি জানতে পারেন। অপর চারজনের পরিচয় তার জানা নেই।
ভুক্তভোগীর দাবি, এ ধরনের অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় নগরীর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী জুয়েল জানান, “আমরা ওই সময় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ‘আমাকে বাঁচাও’ বলে চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি, আমাদের এলাকার নাছির ভাইকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি ও আরও কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ী আলমগীর জানান, “এভাবে দিনের আলোয় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”