গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় গোলাপগঞ্জ উপজেলা এলডিপির প্রচার সম্পাদক ফাহাদ আহমেদ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফাহাদ আহমেদ হেতিমগঞ্জ বাজার দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তাকে এলডিপির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চাপ দেওয়া হয় এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হয় বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কথাবার্তার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক ব্যক্তি ফাহাদ আহমেদের জামার কলার ধরে তাকে মারধর করেন। পরে আরও কয়েকজন তাকে ঘিরে মারধর করেন। এতে ফাহাদ আহমেদের মুখে আঘাত লাগে এবং রক্তপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। পরে স্থানীয় একজন ব্যক্তি আহত ফাহাদ আহমেদকে রিকশাযোগে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় দেখতে পান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ফাহাদ আহমেদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এর আগেও তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছিল। এ ঘটনার সঙ্গে রামিম, আজির ও বাবলা নামে কয়েকজন জড়িত ছিলেন বলেও তার পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। এ বিষয়ে গোলাপগঞ্জ অফিসার ইনচার্জ বলেন, “হেতিমগঞ্জ বাজারে একজন এলডিপি নেতার উপর হামলা হয়েছে শুনেছি; আমরা এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে”। ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।