সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দলটির স্থানীয় নেতা ফাহাদ আহমেদ ও তার সহকর্মী মোস্তফা আহমেদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ফাহাদ আহমেদের মাথায় গুরুতর জখম হয়। হামলায় মোস্তফা আহমেদও আহত হয়েছেন। গত ২৬ অক্টোবর ২০২০ইং তারিখে সন্ধ্যায় গোলাপগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফাহাদ আহমেদ ও তার পরিবারের সদস্যরা। ওইদিন এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জে আলোচনা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টার দিকে ফাহাদ আহমেদ তার সহকর্মী মোস্তফা আহমেদকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
ফাহাদ আহমেদ জানান, তারা গোলাপগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি দল তাদের পথরোধ করে। তাদের কয়েকজনের হাতে হকি স্টিক ও লোহার রড ছিল। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে ওই ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। ফাহাদের অভিযোগ, হামলার সময় তাকে এলডিপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেলে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এরপর হামলাকারীরা লোহার রড ও হকি স্টিক দিয়ে তাকে ও মোস্তফাকে মারধর করে।
একপর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা ফাহাদের পিঠ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান। এতে তার পিঠে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়য় এবং মাথা ফেটে যায়। একই ঘটনায় মোস্তফা আহমেদও আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম ও সায়েকুল ঘটনাস্থলের কাছে ফাহাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় তাকে সিলেট শহরের পপুলার মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফেরেন। চিকিৎসকরা তার পিঠের জখমে কয়েকটি সেলাই দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফাহাদ আহমেদ বলেন, চিকিৎসা শেষে তার বাবা তাকে নিয়ে গোলাপগঞ্জ থানায় গিয়ে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে চেষ্টা করেন। তবে পুলিশ অভিযোগটি গ্রহণ করেনি বলে তার দাবি। অভিযোগ দিতে গেলে উল্টো তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান। ফাহাদের পরিবারের দাবি, এলডিপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।