জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে হামলায় নোমান মিয়া নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর জকিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী সুফিয়া বেগম। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন-জকিগঞ্জ উপজেলার শরিফগঞ্জ এলাকার হাসিতলা গ্রামের মো. মাসুক আহমেদের ছেলে আহমদ আল ফাহিম, থানাবাজার এলাকার ইলাবাজ গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. জামিল আহমদ, থানাবাজারের সুন্দরার চক গ্রামের মোহাম্মদ এনামুল হকের মেয়ে সানজিদা হক, জকিগঞ্জের গঙ্গাজল এলাকার অজরগ্রাম গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুহুল করিম, জকিগঞ্জের কেছরী গ্রামের লুকু মিয়ার ছেলে ও জকিগঞ্জ পৌরসভা শাখা ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ রাফে এবং জকিগঞ্জের সেনাপতির চক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ও ৫ নম্বর জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর দুপুরে সানজিদা হকের পরিচালিত ‘গানের পাখি’ সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি হামলার শিকার হয়। এ ঘটনায় সানজিদা হক, তাঁর স্বামী আহমদ আল ফাহিম এবং স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়া আহত হন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর নোমান মিয়ার মৃত্যু হয়।
অন্যদিকে, মামলায় অভিযুক্ত সানজিদা ও ফাহিমের পরিবারের দাবি, নোমান মিয়া তাদের ওপর হামলা করেননি। তাদের ভাষ্য, সানজিদা হক ও তাঁর স্বামী আহমদ আল ফাহিমকে রক্ষা করতে নোমান মিয়া এগিয়ে এলে জামায়াত-শিবিরের একটি সন্ত্রাসী গোষ্ঠী তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারটি আরও দাবি, প্রকৃত হামলাকারীদের আড়াল করতে এবং প্রতিহিংসামূলকভাবে নোমান মিয়ার পরিবারকে দিয়ে ঘটনার তিন দিন পর মামলাটি দায়ের করানো হয়েছে। তাদের অভিযোগ, সানজিদা হকের শ্বশুরও ঘটনার বিষয়ে একটি অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। পরিবারের দাবি, পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে নোমান মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। তবে এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।