স্টাফ রিপোর্টার :::
সিলেট নগরীর জিন্দাবারস্থ সুয়াদ রেস্টুরেন্টে এক তরুণকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর ১টার দিকে কয়েকজন যুবক এ হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন এই তরুণ। আহতের নাম রায়হান আহমেদ। তিনি বিশ্বনাথ উপজেলার রামপুর গ্রামের তৈমুছ আলীর পুত্র। তাকে নগরীর সোবহানীঘাটে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে রায়হান ও এক তরুণী সুয়াদ রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক সেখানে এসে তাকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। রায়হানের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, তরুনীকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়। নাজমুল রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় রায়হানকে রক্ষা করতে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা নাজমুল ও তার সহযোগীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশর একটি টিম নগরীর সুয়াদ রেস্টেুৃরেন্টে যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এ হমলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।