দক্ষিণ সুরমায় ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেখায় জামায়াত নেতার বাড়ীতে হামলা ভাংচুর

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬
দক্ষিণ সুরমায় ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেখায় জামায়াত নেতার বাড়ীতে হামলা ভাংচুর

Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি :
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ফেইসবুকে লেখালেখির কারণে দক্ষিণ সুরমায় বিএনপির নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়ীতে সংঘবদ্ধ হামলা, ভাংচুরের পর জামায়াত নেতাদের প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ ২৫ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সাবেক শিবির নেতা শাহীন আলম (৩৮) ও তার বড় ভাই জামায়াত নেতা আখতার হোসেন (৫০) এর বাড়ীতে সিলেট মহানগর যুবদল নেতা আবিদুর রহমান এর নেতৃত্বে একদল নেতাকর্মী এ হামলা ও ভাংচুরের তান্ডব চালান। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। তবে ঘটনার সময় জামায়াত নেতা আখতার হোসেন বাড়ীতে ছিলেন না বলে জানান পরিবারের সদস্যরা। এ ঘটনার পর জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জামায়াত নেতা আখতার হোসেন এর ছোট ভাই সুরমা অঞ্চল সাংগঠনিক থানা শিবিরের সাবেক সেক্রেটারি ও মোল্লার গাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহীন আলম যুক্তরাজ্যে বসে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দীর্ঘদিন ধরে নিয়মিত অপপ্রচার ও কুৎসা রটনা সহ লেখালেখি করে আসছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এমন অপপ্রচার সম্বলিত লেখালেখি বন্ধ করতে একাধিকবার শাহীন আলমের বড় ভাই জামায়াত নেতা আখতার হোসেন এর সাথে আলাপ করেন কিন্তু তিনি লেখালেখি বন্ধ করেননি। এরই জের ধরে আজ দুপুরে সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমদ, সহ ক্রিড়া সম্পাদক গিয়াস রানা, স্বেচ্ছাসেবক দলের কর্মী আশরাফুর রহমান,সিলেট জেলা ছাত্রদল এর সদস্য কামিনুর রশীদ,গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক ও ৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সভাপতি আক্তার ফারুক,৬ নং ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক জায়েদ আহমদ এর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া দিয়ে ১০/১২ জনের একদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী শাহীন আলমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালার থাই গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এসময় বাড়ির লোকজনের আর্তচিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা
ফেইসবুকে শাহীন আলম যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার সহ লেখালেখি বন্ধ না করে তাহলে তার বড় ভাই আখতার হোসেনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে শাসিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে চলে যায়।
জামায়াত নেতা আখতার হোসেন বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। যুবদলের নেতাকর্মীরা আমার বাড়িতে বসত ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করেছে। আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।
শাহীন আলমের অপর ভাই জামায়াত কর্মী নজমুল হোসেন বলেন, আবিদ ও আশরাফুর এর নেতৃত্বে বিএনপির একদল হামলাকারী আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর করে। আমরা বাড়ি থেকে পেছনে দৌড়ে আত্মরক্ষা করি। হামলাকারীরা আমার বড় ভাইকে হত্যার হুমকি দিয়েছে। ভাংচুরে আমাদের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবেশী আলা উদ্দিন বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ে একদল লোক শাহীনের বাড়িতে হামলা করতে দেখেছি। আমরা গ্রামবাসী এগিয়ে আসলে তারা মোটরবাইক নিয়ে চলে যায়।
যুবদল নেতা আবিদুর রহমান বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করায় ক্ষিপ্ত হয়ে আমাদের কিছু কর্মী শাহীন আলমের বড় ভাই আখতারকে সতর্ক করে এসেছে। ভাংচুর ও হুমকির বিষয়ে আমার জানা নেই।
দক্ষিণ সুরমা থানার অফিসার্স ইনচার্জ কামরুল হাসান তালুকদার বলেন, হামলা ভাংচুরের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।