দক্ষিণ সুরমা প্রতিনিধি ::::
সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির পরিচিতি সভা শেষে বাড়ি ফেরার পথে হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগ নেতা মো. আল মাহমুদ মুহিন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটে ২৫ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে। ভুক্তভোগী ও দলীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির পরিচিতি সভা ও দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফিরছিলেন মো. আল মাহমুদ মুহিন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছালে স্থানীয় কয়েকজন আত্মীয় ও রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর পথরোধ করে। হামলকারীরা স্থানীয় বিএনপি ও জামায়াত-সমর্থক। এ সময় মুহিনের হাতে থাকা ফুল এবং নতুন কমিটিতে পদ পাওয়ার বিষয়টি জানতে পেরে হামলাকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে মুহিনের নাম ঘোষণার পর থেকেই তারা মুহিনকে টার্গেট করে। এরই ধারাবাহিকতায় তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে মুহিনের হাত ও কাঁধে আঘাত করে। পাশাপাশি তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও আশপাশের মানুষের হস্তক্ষেপে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে প্রাণে রক্ষা পান মুহিন।
এ ঘটনার পর স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।