গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের করগ্রাম পশ্চিমটুল এলাকায় একটি জেলে বস্তিতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা বস্তির কয়েকটি মাছ ধরার নৌকাও পানিতে ডুবিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
গত ৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ৭টার দিকে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র ব্যক্তি করগ্রাম পশ্চিমটুল এলাকায় প্রবেশ করে। পরে তারা জেলে বস্তির কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বস্তির অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য দিকবিদিক ছুটোছুটি করেন। হামলাকারীদের হাত থেকে বাঁচতে কয়েকজন যুবক অন্ধকারে কুড়া নদী সাঁতরে অপর পাড়ে চলে যান। হামলায় নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হন। একাধিক ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এসময় কুড়া নদীর ঘাটে রাখা জেলে পরিবারগুলোর মাছ ধরার বেশ কয়েকটি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে।
ঘটনার খবর পেয়ে ওই রাতেই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান ঘটনাস্থলে যান। তিনি বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে পুলিশ তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। হামলার ঘটনায় করগ্রাম পশ্চিমটুলের জেলে বস্তিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।