সাংবাদিক তুরাব হত্যা : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
সাংবাদিক তুরাব হত্যা : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় গত ১৯ আগস্ট মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সাংবাদিক এটিএম তুরাব সংবাদ সংগ্রহের কাজে সেখানে অবস্থান করছিলেন। তিনি দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সময় অন্যান্য সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে অবস্থানকালে পুলিশ ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতাকর্মীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
অভিযোগে বলা হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় সাংবাদিক তুরাবকে লক্ষ্য করেও গুলি করা হয়। অভিযোগকারী দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থানায় মামলা করতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মামলা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ কল্লোল গোস্বামী, সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, কোতোয়ালী মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন, পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রবাল চৌধুরী পুজন, নওশাদ আহমদ চৌধুরী, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ ওরফে সাগর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমেল, জাকারিয়া আহমদ হারুন, রুহান খান, শাবাজ খান ইফাত, সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রলীগের সদস্য কাওসার হাসান, আজিজুল হাকিম ওরফে রাজু, শাহবাজ খান প্রিয়ম, সাইদ আহমদ, মোহাম্মদ আবুল ফজল ওরফে খোকন, শিপলু মিয়া, সনি আহমদ, আকাশ, দাউদ, আশরাফ খান, আইজল হোসেন, আশরাফুল ইসলাম শাব্বির, জুবেদ আহমদ চৌধুরী শিপু, এএসআই ইফতেখার ভূঁইয়া, পুলিশ কনস্টেবল সেলিম মিয়া, আজহার, ফিরোজ, উজ্জ্বল, খলিল, মাসুদ, শরীফ, শিবালী, রুনু, শরীফা, এমরান, ইমন, সবুজ, তানিয়া, আফছানা, মারিয়া, ঝুমা, তানিয়া, খলিল এবং এসআই কাজী রিপন সরকার।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তোফায়েল আহমদ জানান, ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নিহত সাংবাদিক তুরাবের ভাই মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন। তবে আসামীদের ধরতে পুলিশ সম্ভাব্য স্থানসমূহে অভিযান চালাচ্ছে।